অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে আজ
আরেকটি নতুন রেকর্ডের হাতছানি

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের প্রথম জয়টি ৮৬ রানের। আর পরেরটি পাঁচ উইকেটে। এ দুটি জয়ই বাংলাদেশের জন্য ঐতিহাসিক। প্রথমটি ছিল ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচ জয়ের রেকর্ড। আর দ্বিতীয়টি আরো বড় সাফল্যে রূপ নিয়েছে। ওয়ানডে ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজ জিতল বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আরেকটি নতুন রেকর্ডের হাতছানি। এ ম্যাচ জিতলেই অস্ট্রেলিয়াকে প্রথমবার কোনো ক্রিকেট সিরিজে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। আর অস্ট্রেলিয়াকে সিরিজে ৩-০ ব্যবধানে হারানোর লক্ষ্য নিয়েই আজ মাঠে নামছে স্বাগতিকরা।
রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নাথান অ্যালিসের বাউন্সারে মাথায় আঘাত পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। তাকে হাসপাতালেও যেতে হয়েছে। তৃতীয় ওয়ানডের আগে সুস্থবোধ করলেও মিরাজ খেলতে পারবেন কি না, সে সিদ্ধান্ত আজ ম্যাচ শুরুর আগে নেওয়া হবে। শেষ পর্যন্ত যদি খেলতে না পারেন মিরাজ, তাহলে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
অন্যদিকে তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ আগের দুই ম্যাচের দল অপরিবর্তিত রাখলেও শেষ মুহূর্তে দলে নেওয়া হয়েছে শেখ মেহেদী হাসানকে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে এই অফস্পিনারের।









































