হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঐতিহাসিক সেই জয়ের পর এবার টাইগারদের লক্ষ্য অজিদের হোয়াইটওয়াশ করা। সে লক্ষ্য নিয়েই আজ জশ ইংলিসদের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিকরা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হওয়া ম্যাচে অজিদের বিপক্ষে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সিরিজ জয়ের দ্বিতীয় ম্যাচে মাথায় আঘাত পেয়েছিলেন বাংলাদেশের নিয়মিত ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ। কনকাশনের কারণে আজ শেষ ম্যাচে মাঠে নামেননি তিনি। মিরাজের বদলে তাই বাংলাদেশের হয়ে টসে আসেন শান্ত।
টসের সময় শান্ত জানিয়েছেন, সুস্থ আছেন মিরাজ। সতর্কতার অংশ হিসেবেই তাকে একাদশে রাখা হয়নি।
গত বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে অজিদের ৫ উইকেটে হারিয়ে ট্রফি নিশ্চিত করে স্বাগতিকরা। ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই তানজিদ হাসান তামিমকে হারালেও দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত (৪১) ও সৌম্য সরকারের (৪২) ৮৬ রানের লড়াকু জুটি ম্যাচের হাল ধরে।
এরপর মিডল অর্ডারে দ্রুত ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও তাওহীদ হৃদয় (৪০) এবং কনকাশন ইনজুরিতে পড়ার আগে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের (২২) দায়িত্বশীল ব্যাটিং ৩৮ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মাহেদি হাসান ও শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ : জশ ইংলিশ (অধিনায়ক), কুপার কনোলি, ম্যাথু রেনশ, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, জেভিয়ার বার্টলেট, রাইলি মেরিডিথ, বেন ডোয়ারশুইস, অলি পিক ও আডাম জাম্পা।









































