সাতক্ষীরা প্রতিনিধি

  ০৪ মে, ২০২০

সুনাম রয়েছে সাতক্ষীরার আমের

সাতক্ষীরার আমের সুনাম রয়েছে। এই সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে ব্যবসায়ী ও ফল চাষীদের সহযোগিতা করতে হবে। নিরাপদে আম বাজারজাতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সকলকেই সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।

সাতক্ষীরায় করোনা পরিস্থিতিতে নিরাপদে আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।

সভায় আগামী ৩১ মে থেকে হিমসাগর, ৭ জুন ল্যাংড়া ও ১৫ জুন থেকে আম্রপালি আম ভাঙা ও বাজারজাত করণের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া কোন বাগানের আম যদি আগে পরিপক্ক হয় তবে সংশ্লিষ্ট উপসহকারী কর্মকর্তাকে জানালে তিনি বাগান পরিদর্শন করে অগ্রিম আম ভাঙার ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন।

সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।

সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক নুরুল ইসলামসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও আম চাষীবৃন্দ।

সভায় সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, চাষীরাই মূল শক্তি। চাষীরাই দেশের প্রাণ। তাদের রক্ষা করেই সব সিদ্ধান্ত নিতে হবে। তবে, অবশ্যই উৎপাদিত আমের গুণাগুণ রক্ষা করে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সুনাম,সাতক্ষীরা,আম
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়