বেনাপোল প্রতিনিধি

  ১৭ ঘণ্টা আগে

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

ছবি : প্রতিদিনের সংবাদ

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার রুদ্রপুর গ্রামের ‘সালামের মোড়’ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম।

নিহত ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মিদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জামাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা একই গ্রামের শাহজাহানের ছেলে রুবেল হোসেন (৩০) গুরুতর আহত হয়েছেন। এছাড়া ট্রলিচালক রুদ্রপুর গ্রামের আমিরুল ইসলাম ও তার সহকারী নীরব হোসেন আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, রাতে আর্জেন্টিনা ও ফ্রান্সের ফুটবল ম্যাচ দেখার পর ভোরে ঊষা, নাহিদ ও রুবেল একটি মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারে আসছিলেন। অন্যদিকে, ইটভাটা থেকে ইট আনার উদ্দেশ্যে দ্রুতগতিতে ট্রলি নিয়ে গোগার দিকে যাচ্ছিলেন চালক আমিরুল। সালামের মোড় এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির কারণে উভয় যানই নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ঊষা ও নাহিদের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত মোটরসাইকেল আরোহী রুবেল, ট্রলিচালক ও তার সহকারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে পাঠান।

শার্শা থানার উপপরিদর্শক (এসআই) চঞ্চল কুমার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অ্যাপাচি মোটরসাইকেল ও ট্রলিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়