চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ৩০ মার্চ, ২০২৬

জাপান সরকারের স্কলারশিপ পেলেন শিবগঞ্জের নিহারিকা

জাপান সরকারের ‘মনবুকাগাকুশো’ স্কলারশিপ পেয়েছেন এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)-এর কৃষি অনুষদের ১৬তম ব্যাচের শিক্ষার্থী নিহারিকা দাস।

এই স্কলারশিপের আওতায় তিনি জাপানের কাগোশিমা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছেন। তার এই অনন্য সাফল্য উদযাপন ও তাকে অভিনন্দন জানাতে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিহারিকা দাস শিবগঞ্জ উপজেলার হরিনগর এলাকার বাসিন্দা। তিনি তার বক্তব্যে, এই জাপান সরকারের মর্যাদাপূর্ণ এই স্কলারশিপ পাওয়ার অনুভূতি ব্যক্ত করেন। এ সময় নিহারিকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সফিকুল বারী বলেন, আমাদের শিক্ষার্থীরা আজ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে মেধার পরিচয় দিচ্ছে। এই স্কলারশিপ পাওয়া শুধু বিশ্ববিদ্যালয়ের নয় বরং পুরো দেশের জন্য গর্বের। তিনি আশা প্রকাশ করেন, উচ্চশিক্ষা ও গবেষণা শেষ করে মেধাবী এই শিক্ষার্থীরা দেশে ফিরে আসবে এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃষি অনুষদের ডীন ড. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম এবং রেজিস্ট্রার ক্যাপ্টেন (অব.) বিএন প্রফেসর ড. মো. জিয়াউল আহসান।

বক্তারা নিহারিকার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, এই আন্তর্জাতিক স্কলারশিপ পাওয়ার ঘটনা অন্য শিক্ষার্থীদেরও উচ্চ শিক্ষায় উৎসাহিত করবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়