চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

চরফ্যাশনে ১৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, চালক গ্রেপ্তার

ছবি : প্রতিদিনের সংবাদ

ভোলার চরফ্যাশনে কাভার্ডভ্যানে করে অবৈধ কারেন্ট জাল বহনের সময় স্থানীয়দের তৎপরতায় বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক সেলিমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) রাতে চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে অবৈধ কারেন্ট জালবোঝাই কাভার্ডভ্যানটি আটক করা হয়। স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা গাড়িটি আটকে রেখে চরফ্যাশন থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানসহ বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করে এবং চালককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার চালক সেলিম পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, শশীভূষণ বাজারের ‘ওয়াজেদ স্টোর’-এর জন্য তিনি ঢাকার মুন্সীগঞ্জ থেকে এসব কারেন্ট জাল বহন করছিলেন। ঢাকা থেকে প্রশাসনের নজর এড়িয়ে এলেও চরফ্যাশনে স্থানীয়দের সন্দেহের কারণে তিনি ধরা পড়েন।

চরফ্যাশন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২৫ বস্তা অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা মালামালের তালিকা প্রস্তুত শেষে বুধবার দুপুরে চালক, কাভার্ডভ্যান ও উদ্ধার করা কারেন্ট জাল আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, কারেন্ট জাল বাংলাদেশের প্রচলিত আইনে নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারে নদী ও জলাশয়ের ছোট মাছ এবং মাছের পোনা নির্বিচারে ধ্বংস হওয়ায় মৎস্যসম্পদ মারাত্মক হুমকির মুখে পড়ে। তাই অবৈধ কারেন্ট জাল উৎপাদন, পরিবহন, বিক্রি ও ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়