সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সিরাজগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় আবুহার প্রামাণিক (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার রাতে বেলকুচি পৌর এলাকার কামারপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন সায়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুহার প্রামাণিক স্থানীয় কামারপাড়া গ্রামের মৃত এমান প্রামাণিকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আবুহার রাস্তার পশ্চিম পাশ দিয়ে তাঁর দোকানে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত আবুহারকে স্থানীয়রা উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

এই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মো. হাসানও (২২) আহত হয়েছেন। হাসান বেলকুচি বড়ধুল ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামের মো. আলম প্রামাণিকের ছেলে এবং পেশায় একজন প্রবাসী। দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ বা মামলা করা হয়নি। মামলা হলে পরবর্তী সময়ে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়