ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২ ঘণ্টা আগে

আশুগঞ্জে মাদকবিরোধী সভা

‘মাদক প্রতিরোধে পরিবার থেকেই শুরু হোক সচেতনতা’

ছবি : প্রতিদিনের সংবাদ

মাদকের ভয়াবহ বিস্তার রোধে পরিবার, সমাজ এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার উজান-ভাটি রেস্টুরেন্টের হলরুমে আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশন ও এনভায়রনমেন্ট অ্যান্ড এগ্রো প্রমোশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় এসব কথা বলা হয়।

আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়া সমাজসেবার প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি মেহেরুন নিছা মেহেরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া। প্রধান আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান।

বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান এবং আশুগঞ্জ থানার উপপরিদর্শক (তদন্ত) আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, আশুগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক এবং আশুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সেলিম পারভেজ।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নৈতিক শিক্ষার মাধ্যমে ইতিবাচক পথে সম্পৃক্ত করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়