সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সিরাজগঞ্জে মাদক মামলায় ছয়জনের যাবজ্জীবন

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দীর্ঘ ১৪ বছর পর মাদক মামলার রায় দিয়েছেন আদালত। মামলায় রাজশাহী জেলার ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল।

দন্ডপ্রাপ্তরা হলেন রাজশাহীর জগীরপাড়া এলাকার ওসমান গনি ও মো. গোফরান, মুক্তারপুর গ্রামের মো. আলেফ, গৌরশহরপুর গ্রামের মো. মানিক, বিড়ালদহ গ্রামের মো. আনিছ এবং শেখের চর এলাকার মো. রাজিব। রায় ঘোষণার সময় মো. রাজিব, মো. গোফরান ও মো. আলেফ আদালতে উপস্থিত ছিলেন। অপর তিন আসামি পলাতক রয়েছেন।

মামলার নথিপত্র অনুযায়ী, ২০১২ সালের ১৫ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ জানতে পারে, একটি প্রাইভেটকারে করে রাজশাহী থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ঢাকায় নেওয়া হচ্ছে। পরে যমুনা সেতু গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। বিকেল পৌনে ৪টার দিকে সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করে পুলিশ। এ সময় গাড়ি থেকে ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই ওসমান গনি, মো. গোফরান ও মো. রাজিবকে আটক করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনের সম্পৃক্ততা পাওয়া যায়। তদন্ত শেষে ২০১২ সালের ৩১ ডিসেম্বর ৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬ আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়