তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তাড়াশে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের তাড়াশে মাদক সেবনের সময় হাতেনাতে তিন যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দিবাগত (৩০ জুন) রাত সাড়ে ১২টার সময় তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—তাড়াশ উত্তরপাড়া এলাকার মৃত জামাল হোসেনের ছেলে মো. নুরুল ইসলাম (২৩), একই এলাকার মৃত ইমান আলীর ছেলে মো. শাকিল রানা (২০) এবং ভাদাস মধ্যপাড়া এলাকার মো. সালাম আলীর ছেলে মো. আলামিন হোসেন (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তাড়াশ পৌর শহরের ভাদাস এলাকায় ওই তিন যুবক মাদক সেবন করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা তাঁদের আটক করে প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে আটককৃতরা মাদক সেবনের কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাঁদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ বলেন, "জনস্বার্থে ও মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।"
পিডিএস/এমএইউ








































