কর্ণফুলীতে লাইটার জাহাজডুবি, ১২ জন উদ্ধার

চট্টগ্রাম বন্দর চ্যানেলের কর্ণফুলী নদীর বঙ্গোপসাগর মোহনায় দুটি লাইটার জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ‘এমভি বে হারবার-২’ নামে পাথরবোঝাই একটি লাইটার জাহাজ নদীগর্ভে তলিয়ে গেছে।
সোমবার (২৯ জুন) রাত ৩টার দিকে বন্দর চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর জাহাজের ১২ জন নাবিক নিখোঁজ হলেও কোস্ট গার্ড ও স্থানীয়দের যৌথ তৎপরতায় তাদের সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
বন্দর ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, রাতে ঘন কুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা অন্য একটি জাহাজের সঙ্গে ‘এমভি বে হারবার-২’-এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহাজটির খোল ফেটে গিয়ে দ্রুত পানি ঢুকতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সেটি ডুবে যায়।
দুর্ঘটনার পরপরই জাহাজের ১২ জন নাবিক উত্তাল সাগরে তলিয়ে যান। খবর পেয়ে কোস্ট গার্ড পূর্ব জোনের একটি উদ্ধারকারী দল মেটাল শার্ক ও বিশেষ উদ্ধারকারী বোট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
তারা তাৎক্ষণিক অভিযান চালিয়ে সমুদ্রের বুক থেকে ৮ জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে তীব্র স্রোতের কারণে বাকি ৪ জন নাবিক মূল দুর্ঘটনাস্থল থেকে ভেসে যান।
পরবর্তীতে প্রায় কয়েক কিলোমিটার দূরে আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকত এলাকায় তারা ভেসে উঠলে স্থানীয় জেলেরা ও সৈকতে থাকা লোকজন তাদের নিরাপদে উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
কোস্ট গার্ড পূর্ব জোনের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমাদের টিম সাগরে উদ্ধার অভিযানে নামে। রাতের অন্ধকার ও সমুদ্রের তীব্র স্রোতের কারণে অভিযান বেশ ঝুঁকিপূর্ণ ছিল। তবে স্বস্তির বিষয় হলো, স্থানীয়দের সহযোগিতায় আমরা ১২ জন নাবিকের সবাইকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করতে পেরেছি। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়েছে।








































