ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
টাকা আত্মসাৎকে কেন্দ্র করে ভৈরবে সংঘর্ষ ও লুটপাট

বিদেশে পাঠানোর টাকা উদ্ধার করে তা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ভৈরবে একই বংশের দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
রবিবার (২৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে ভৈরব পৌর শহরের চণ্ডিবের এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে চণ্ডিবের এলাকার জামাল মিয়ার ছেলে নাঈমকে বিদেশে পাঠান এক দালাল। কিন্তু সঠিক ভিসা না থাকায় তিনি দেশে ফিরে আসেন। পরে দালালের কাছ থেকে সেই টাকা উদ্ধারের জন্য ৫০ শতাংশ কমিশনের শর্তে দায়িত্ব নেন স্থানীয় আতি মিয়া। অভিযোগ রয়েছে, আতি মিয়া দালালের কাছ থেকে পুরো ২ লাখ টাকা উদ্ধার করলেও ভুক্তভোগী পরিবারকে মাত্র ৩০ হাজার টাকা দিয়ে বাকি ১ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করেন।
এই ঘটনার বিচার চাইতে গেলে বাদল মিয়া নামের এক ব্যক্তিকে মারধর করেন আতি মিয়া ও তাঁর স্বজনরা। এর জের ধরে রাতের আঁধারে আতি মিয়ার বসতঘরসহ আশপাশের নিরীহ প্রতিবেশীদের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালানো হয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে আধা ঘণ্টাব্যাপী ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
খবর পেয়ে ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ এবং ভৈরব থানার ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় গুরুতর আহত বাদল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) লিমন বোস জানান, টাকার লেনদেনকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে নিরীহ তৃতীয় পক্ষের কয়েকটি বাড়িতেও ভাঙচুরের আলামত পাওয়া গেছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পিডিএস/এমএইউ








































