গাজীপুর প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত দুই বিজ্ঞানীকে সংবর্ধনা দিল গাকৃবি

ছবি : প্রতিদিনের সংবাদ

দেশের শিক্ষা, বিজ্ঞান ও গবেষণার অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কারে ভূষিত দুই কৃতী বিজ্ঞানী প্রফেসর ড. জহুরুল করিম এবং প্রফেসর ড. এম. এ. রহিমকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দুই গুণী ব্যক্তিত্বকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জেড. এন. তাহমিদা বেগম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে উপাচার্য দুই স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তাঁদের হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মো. রনি ইসলাম বলেণ, প্রফেসর ড. জেড. এ. করিম বাংলাদেশের জলবায়ু পরিবর্তন গবেষণার অন্যতম পথিকৃৎ। ধানক্ষেতের মাটিতে ফেরিহাইড্রাইট খনিজ শনাক্তকরণ, দেশের প্রথম খরা তীব্রতা মানচিত্র প্রণয়ন এবং উত্তরাঞ্চলের মঙ্গা সমস্যার কার্যকর সমাধানে তাঁর গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর গবেষণার ভিত্তিতে স্বল্পমেয়াদি ধানের জাত উদ্ভাবিত হয়েছে এবং দেশের লবণাক্ততার মানচিত্র ও শ্রেণিবিন্যাস প্রণয়ন সম্ভব হয়েছে। এসব অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এর আগে আন্তর্জাতিক CERES পদক লাভ করেন।

অপরদিকে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. এম. এ. রহিম বাংলাদেশের ফল গবেষণার এক উজ্জ্বল নাম। তাঁর নেতৃত্বে ১২৮টি নতুন ফলের জাত উদ্ভাবিত হয়েছে, যার মধ্যে 'বিইউ কুল' বিশেষভাবে জনপ্রিয়। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিইউ জার্মপ্লাজম সেন্টার এর অন্যতম প্রতিষ্ঠাতা। এই কেন্দ্রটি বর্তমানে দেশের ফল, ঔষধি উদ্ভিদ ও কৃষি-বনায়নের বৃহত্তম সংগ্রহশালা এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জার্মপ্লাজম সংগ্রহকেন্দ্র হিসেবে স্বীকৃত।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়