চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
ক্লিনিকে শেয়ার থাকায় চাঁপাইনবাবগঞ্জে ৫ জামায়াতপন্থী চিকিৎসক বদলি!

সরকারি হাসপাতালে চাকরি করেও হাসপাতালের ঠিক সামনে থাকা বেসরকারি ক্লিনিকে শেয়ার (মালিকানা) রাখার অভিযোগে তদন্তের পর চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন জামায়াত সমর্থিত চিকিৎসককে বদলি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সোমবার (২৯ জুন) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ।
হারুনুর রশীদ বলেন, "মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সরেজমিনে এসে ওই চিকিৎসকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ পেয়েছে। এমনকি ওই চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা ব্যক্তিরাও জামায়াতেরই কর্মী-সমর্থক।"
তিনি আরও বলেন, "চিকিৎসকদের প্রাইভেট ক্লিনিকে প্র্যাকটিস করতে কোনো আপত্তি নেই। তবে হাসপাতালের ১০০ গজের মধ্যেই বেআইনিভাবে গড়ে তোলা ক্লিনিকে সরকারি দায়িত্ব অবহেলা করে প্র্যাকটিস করার প্রমাণ মিলেছে বদলি হওয়া চিকিৎসকদের বিরুদ্ধে। মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সরেজমিনে এসেও তাঁদের হাসপাতাল বাদ দিয়ে ক্লিনিকে চিকিৎসা দেওয়া অবস্থায় হাতেনাতে পেয়েছিল।"
জেলা পরিষদের প্রশাসক জানান, সরকারি হাসপাতালে চাকরি করে ক্লিনিকে শেয়ার থাকার সুনির্দিষ্ট অভিযোগ ছিল ওই চিকিৎসকদের বিরুদ্ধে। তাঁর কাছেও এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল, যা তিনি দায়িত্বশীল জায়গা থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠান। পরবর্তীতে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি সরেজমিনে এসে ঘটনার সত্যতা পায়।
সাবেক এই সংসদ সদস্য আরও জানান, বদলি হওয়া ৫ চিকিৎসকের মধ্যে দুজন সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ায় তাঁদের বদলি করা হয়েছে, কারণ চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে সেই পদটি নেই। এ সময় চিকিৎসকদের প্রতি যথাযথভাবে সাধারণ মানুষকে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান জানান তিনি।
হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক, আবাসিক মেডিকেল অফিসারসহ অন্যান্য চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পিডিএস/এমএইউ








































