কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

কসবা পৌর সভার ৩৯ কোটি ৭৬ লাখ টাকার বাজেট ঘোষণা

ছবি : প্রতিদিনের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৯ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ৪৫০ টাকার বাজেট ঘোষণা করেছে কসবা পৌরসভা। ঘোষিত বাজেটে রাজস্ব খাতে ৯ কোটি ৪৮ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৩০ কোটি ২৮ লাখ ৪০ হাজার ৪৫০ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সার্বিক বাজেট ঘাটতি ধরা হয়েছে ৩ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা।

সোমবার (২৯ জুন) কসবা পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ছামিউল ইসলাম।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক মো. ছামিউল ইসলাম বলেন, এই বাজেটের মূল লক্ষ্য হচ্ছে নাগরিক সেবার মান উন্নয়ন, পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা ব্যবস্থা জোরদার করা এবং টেকসই উন্নয়নের মাধ্যমে কসবাকে একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তোলা। জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছতা নিশ্চিত করেই এই বাজেট বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন বাজেটের বড় অংশ পৌর এলাকার সড়ক উন্নয়ন, খাল খনন, পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে ফুটপাত নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানি সরবরাহ, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন খাতে ব্যয় করা হবে। সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সমন্বয় রেখে পৌরবাসীর প্রত্যাশা পূরণে আমরা কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভূইয়া, সমাজকল্যাণ কর্মকর্তা মো. আলমগীর হোসেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন হেলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, বিএনপি নেত্রী লুৎফুন নাহার রীনা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশির আহমেদ চৌধুরী, যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাওলানা শিবলী নোমানীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাজেট অনুষ্ঠানে বক্তারা বলেন, ঘোষিত এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং নাগরিক সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়