ভোলা প্রতিনিধি
ভোলার মনপুরায় জেলের জালে 'রাজা ইলিশ'

ভোলার মনপুরার মেঘনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে বিশালাকৃতির একটি 'রাজা ইলিশ'। মাছটির ওজন ২ কেজি ৪০০ গ্রাম। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের মমিন তালুকদারের মৎস্য আড়তে মাছটি নিলামের মাধ্যমে ৯ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়।
মৎস্য আড়তের মালিক মমিন তালুকদার জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশালের মেহেন্দীগঞ্জের জেলে ইসমাইল মাঝিসহ তাঁর সঙ্গী জেলেরা রামনেওয়াজ সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন। এ সময় তাঁদের জালে অন্যান্য ছোট ইলিশের সঙ্গে এই বড় ইলিশটি ধরা পড়ে। এই উপকূলের জেলে ও মৎস্য আড়তদাররা বড় আকৃতির ইলিশকে ‘রাজা মাছ’ বলে অভিহিত করেন।
রামনেওয়াজ মৎস্য ঘাটের ব্যবসায়ী মো. নাহিদ জানান, অন্য ব্যবসায়ীদের উপস্থিতিতে মাছটি মমিন তালুকদারের মৎস্য আড়তে নিলামে তোলা হয়। পরে সর্বোচ্চ দাম ৯ হাজার ৩০০ টাকায় মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী ও আড়তদার মমিন তালুকদার নিজেই।
মাছটির ক্রেতা মমিন তালুকদার জানান, বরিশাল ও ঢাকার পাইকারি আড়তে বড় আকারের ইলিশের চাহিদা অনেক বেশি। তিনি নিজে আড়তদারি করার পাশাপাশি ঢাকায় মাছ চালান করেন। মঙ্গলবার ঢাকার লঞ্চে অন্যান্য মাছের সঙ্গে এই রাজা ইলিশটি ঢাকার যাত্রাবাড়ী মাছের আড়তে পাঠানো হবে। সেখানে আরও বেশি দামে মাছটি বিক্রি করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানান, মেঘনা নদীতে বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য অত্যন্ত সুখবর। সামনে বর্ষা মৌসুমে বৃষ্টিপাত বাড়লে আরও বড় আকারের ইলিশ ধরা পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পিডিএস/এমএইউ








































