reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

আল–জাজিরার প্রতিবেদন

ইরান ইস্যুতে তোপের মুখে ট্রাম্প, ভ্যান্স-রুবিও দুই দিকে

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক সই করার পর তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে ইসরায়েলপন্থী রাজনীতিক ও সমর্থকেরা এর কড়া সমালোচনা করছেন। এই পরিস্থিতিতে কয়েক মাসের যুদ্ধের ইতি টানতে হওয়া ওই চুক্তির পক্ষে সাফাই গাইতে প্রচারণায় নেমেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

গত সপ্তাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে হওয়া চুক্তির পক্ষে কথা বলতে ভ্যান্স ও রুবিও দুজনকেই বিদেশ সফরে পাঠানো হয়। এই সফরকালে গণমাধ্যমে দেওয়া তাদের বক্তব্যে সামান্য ভিন্নতা লক্ষ্য করা গেছে।

গত সপ্তাহে হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে জেডি ভ্যান্স ইঙ্গিত দেন যে, বৈরুতের বেসামরিক স্থাপনায় ইসরায়েলের বোমাবর্ষণ যুক্তরাষ্ট্রের শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। এমনকি খোদ প্রেসিডেন্ট ট্রাম্পও বেসামরিক ভবনে হামলার জন্য ইসরায়েলের সমালোচনা করেছেন। ফ্রান্সে জি-৭ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘কাউকে খোঁজার জন্য প্রতিবার একটি পুরো অ্যাপার্টমেন্ট ভেঙে ফেলার দরকার নেই। ওই ভবনগুলোতে অনেক মানুষ থাকে এবং তারা সবাই হিজবুল্লাহ নয়।’ লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ৪ হাজারের বেশি মানুষ নিহত এবং ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ভ্যান্স সরাসরি ইসরায়েলকে ট্রাম্প প্রশাসনের সমালোচনা বন্ধ করতে বলেছেন। চলতি মাসের শুরুতে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘এই মুহূর্তে সারা বিশ্বে ডোনাল্ড ট্রাম্পই একমাত্র রাষ্ট্রপ্রধান, যিনি ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল।’ তিনি আরও বলেন, ‘আমি ইসরায়েল সরকারের মন্ত্রিসভায় থাকলে, বিশ্বের হাতেগোনা শক্তিশালী মিত্রদের একজনকে অন্তত আক্রমণ করতাম না।’ গাজায় গণহত্যা এবং ইরান যুদ্ধের কারণে ইসরায়েল যখন বিশ্বজুড়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তখনই ভ্যান্সের এই কড়া মন্তব্য এলো।

অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের পক্ষ নিয়েছেন। তিনি বারবার এই হামলাকে হিজবুল্লাহর আক্রমণের ‘যৌক্তিক জবাব’ হিসেবে বর্ণনা করেছেন। ভ্যান্সের সমালোচনা সম্পর্কে প্রশ্ন করা হলে রুবিও সরাসরি উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। উল্টো তিনি হিজবুল্লাহর একটি হামলার উদাহরণ টেনে ইসরায়েলের পক্ষ সমর্থন করেন।

ভ্যান্স ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ড সফর করেছেন। গত রোববার সাংবাদিকদের কাছে তিনি ইরান নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রস্তাব দিয়েছেন যে, আরব দেশগুলো চাইলে ইরানের পুনর্গঠন তহবিলে অর্থায়ন করতে পারে।

এদিকে, মার্কো রুবিও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সফর করেছেন। এই দেশগুলোর কেউ কেউ মনে করছে, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি তেহরানকে অনেক বেশি সুবিধা দিচ্ছে। রুবিও মিত্র দেশগুলোকে আশ্বস্ত করে বলেছেন যে, ওয়াশিংটন সব সময় তাদের স্বার্থ রক্ষা করবে।

২৩ জুন রুবিও জানান, তিনি তার সফরে উপসাগরীয় মিত্রদের কাছে ইরানের পুনর্গঠনের জন্য কোনো তহবিল চাইবেন না। তাঁর মতে, এমন সম্ভাবনা এখনো অনেক পরের কথা। দুই দিন পর আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি জোর দিয়ে বলেন, যেকোনো চুক্তি হতে হবে নিশ্ছিদ্র। সেখানে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ পুরোপুরি রক্ষা করতে হবে। তিনি বলেন, ‘আমরা চুক্তি চাই, তবে যেকোনো মূল্যে নয়।’

ইরান নিয়ে ভ্যান্স প্রায়ই একটি নতুন ও সহযোগিতামূলক সম্পর্কের সম্ভাবনার কথা বলেন। তিনি মনে করেন, দুই চিরপ্রতিদ্বন্দ্বী শান্তি ও সমৃদ্ধি বাড়াতে একসঙ্গে কাজ করতে পারে। ভ্যান্স ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার আগের অবস্থান থেকেও সরে এসেছেন। তিনি বলেন, ‘আপনি ইসরায়েল বা ইরান—কাউকেই বলতে পারেন না যে তাদের আত্মরক্ষার কোনো অধিকার নেই।’ অন্যদিকে রুবিও ইরানের প্রতি কঠোর অবস্থান নিয়েছেন। ২৪ জুন তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে ইরানকে কোনো টোল বা ফি আদায় করতে দেওয়া হবে না।

বিভক্তির গুঞ্জনে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া: প্রশাসনের ভেতরে বিভক্তির খবর অস্বীকার করেছে হোয়াইট হাউস। মুখপাত্র আনা কেলি বলেন, ‘এখানে একটাই পক্ষ, আর তা হলো প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ। ইরান যাতে কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে লক্ষ্যে পুরো প্রশাসন প্রেসিডেন্টের পেছনে ঐক্যবদ্ধ আছে।’ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট একে একটি ‘পুরানো ও মিথ্যা’ প্রচারণা বলে অভিহিত করেছেন। তিনি জানান, পুরো প্রশাসন প্রেসিডেন্টের নির্দেশনায় একইভাবে কাজ করছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লেবানন ইস্যুতেও দুই কর্মকর্তার মধ্যে কোনো মতপার্থক্য নেই বলে দাবি করেছে পররাষ্ট্র দপ্তর। প্রশাসনের লক্ষ্য হলো পুরো ভূখণ্ডে লেবানন সরকারের সার্বভৌমত্ব ফিরিয়ে আনা। রুবিও নিজেও ভ্যান্সের সঙ্গে মতবিরোধের কথা অস্বীকার করেছেন। গত বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি ও ভ্যান্স দুজনেই ট্রাম্পের নেতৃত্ব অনুসরণ করছেন। রুবিও বলেন, ‘এখানে সবাই প্রেসিডেন্টের সিদ্ধান্তের সঙ্গে একমত।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়