খামেনির জানাজা-দাফনে অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনে অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তাকে ইরানের পাঠাচ্ছে সরকার।
আগামী ৪ থেকে ৯ জুলাই খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া হবে। দেশটির রাজধানী তেহরান, পবিত্র নগরী কোম ও মাশহাদে এই আয়োজন করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনে অংশ নিতে আগামী জুলাই মাসে ইরান সফরে যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
কূটনৈতিক একটি সূত্র ইউএনবিকে জানায়, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে আগামী ৩ জুলাই স্পিকার হাফিজ উদ্দিনের তেহরানে যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের স্পিকারকে পাঠানো আমন্ত্রণপত্রে ইরানের স্পিকার লিখেছেন, ‘এই ঐতিহাসিক ও মহিমান্বিত আয়োজনে আপনাকে আতিথেয়তা দেওয়ার সুযোগ পেতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।’
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে এবং ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের নিজ কার্যালয়ে মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানে নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি। এই ঘটনার পর ইরান সরকার তাৎক্ষণিকভাবে দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছিল। দীর্ঘ প্রস্তুতি ও দীর্ঘসূত্রতার পর আগামী জুলাই মাসে তার দাফনের তারিখ চূড়ান্ত করা হয়।








































