নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৫ জুলাই, ২০২৪

ময়মনসিংহের নান্দাইল

উচ্ছেদ অভিযানের পরেও পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণ 

নান্দাইল উপজেলায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ।ছবি: প্রতিদিনের সংবাদ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়ক ও জনপথের সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের পরেও পুনরায় নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা। এতে সরকারের আইন ও প্রশাসনের মান ক্ষুন্ন সহ সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে দখল করে পুনরায় গড়ে তোলা হচ্ছে অস্থায়ী দোকান। সরেজমিনে এমনই দৃশ্য দেখা গেছে।

জানা গেছে, নান্দাইল চৌরাস্তা কিশোরগঞ্জ মোড়, নান্দাইল মোড় ও কেন্দুয়া মোড়ে সড়ক ও জনপথের সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে দখলকারীরা। গত ২৩ শে ফেব্রুয়ারি মহাসড়কের যানজট নিরসনে নান্দাইল আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অব. আব্দুস সালাম আরসিডিএস পিএসসি’র নির্দেশে উপজেলা প্রশাসন মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করেছিলেন। উপজেলার কানরামপুর, নান্দাইল সদর ও নান্দাইল চৌরাস্তায় এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়।

কিন্তু সরেজমিনে দেখা গেছে, ওই উচ্ছেদ অভিযান হলেও পরবর্তীতে অবৈধ দখলকারীরা পুনরায় দোকানপাট নির্মাণ করে সরকারি জায়গা দখলে নিয়ে যাচ্ছে। এতে মহাসড়কে পুনরায় যানজট সৃষ্টি সহ বিশেষ করে নান্দাইল চৌরাস্তা এলাকায় বাস টার্মিনাল না থাকায় মহাসড়কের ওপর বাস-ট্রাক সহ বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে রাখা হয়। ফলে যানবাহন চলাচল সহ যাত্রী সাধারণকে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যবসায়ী জানান, বিভিন্ন সময়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা ঠিকই। কিন্তু পরবর্তীতে কিছুদিন অতিবাহিত হলেই পুনরায় তা দখল হয়ে যায়।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল জানান, শীঘ্রই আবার উচ্ছেদ অভিযান শুরু হবে। এ ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ময়মনসিংহ,নান্দাইল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়