কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

  ০২ জুলাই, ২০২৪

দিনাজপুরের কাহারোল

আবর্জনায় ভরল ড্রেন, বৃষ্টিতে সড়কে হাঁটুপানি

কাহারোল উপজেলার দশমাইল আমতলা মোড়ে (কাহারোল-বোচাগঞ্জ) সড়কে হাঁটুপানি জমছে। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: প্রতিদিনের সংবাদ

দিনাজপুরের কাহারোলে ড্রেনে ময়লা-আবর্জনা ভরাট হয়ে পানি নিষ্কাশন না হওয়ায় বৃষ্টিতে সড়কে হাঁটুপানি জমে থাকে। সম্প্রতি উপজেলার দশমাইল আমতলা মোড়ে (কাহারোল-বোচাগঞ্জ) সড়কে হাঁটুপানি থাকতে দেখা গেছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো পথচারী, যানবাহন চালক ও স্থানীয় বাসিন্দারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পথচারী ও স্থানীয় বাসিন্দা বলেন, সড়কের বেহাল অবস্থা হলেও দেখার ও বলার কেউ নেই। অনেক বছর আগে এই সড়কে পানি নিষ্কাশনের জন্য রিং স্লাব দিয়ে ড্রেন নির্মাণ করা হয়। কিন্তু তদারকি না থাকা ও অবহেলায় ড্রেনে ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে। এতে বৃষ্টি হলেই ওই ড্রেন দিয়ে পানি যেতে পারছে না। দ্রুত প্রশাসনকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশল অধিদপ্তর ২০০৫-২০১২ সালের মধ্যে মোটা অংকের অর্থ ব্যয় করে নির্মাণ করেন পানি নিষ্কাশনের রিং স্লাবের ড্রেনটি। নির্মাণের কয়েক বছরের পর থেকে ড্রেনে ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যায়। এখন আর ওই ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে না।

জানতে চাইলে এলজিইডির উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ এ বিষয়ে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম মোবাইল ফোনে বিষয়টি তাকে অবগত করেছেন।

প্রকৌশলী ফিরোজ আহমেদ আরো বলেন, পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ ও রাস্তাটি সিসি ঢালাইয়ের আওতায় কাজ করতে প্রায় ৫০ লাখ টাকার মতো ব্যয় হতে পারে। তবে দ্রুত এর কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে না। কারণ প্রথমে আমরা কাজের প্রাক্কলন তৈরি করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হবে। এরপর অনুমোদন ও অর্থ বরাদ্দ সাপেক্ষে ড্রেন এবং সড়কের কাজ করা সম্ভব হবে বলে জানান তিনি।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দিনাজপুর,কাহারোল,পানি নিষ্কাশন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়