সালাহ্উদ্দিন শুভ, কমলগঞ্জ (মৌলভীবাজার)

  ২৭ মার্চ, ২০২১

দেখার কেউ নেই!

আবর্জনায় ভরপুর শমশেরনগর বধ্যভূমি

স্বাধীনতার জন্য শত্রুর সঙ্গে যুদ্ধ করেছেন মুক্তিযোদ্ধারা। অথচ তাদের জন্য নির্মিত স্মৃতিসৌধ ও স্মৃতিস্তম্ভ পড়ে আছে অযত্ন-অবহেলায়, ছাড়িদিকে ময়লায় ভরপুর।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অনেক লোক প্রাণ হারান।

মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পর থেকে প্রতিদিন শমশেরনগরের লোকজন পাকিস্তানি শাসনব্যবস্থার বিরুদ্ধে মিছিল ও সভা করতে থাকেন।

এ খবরটি স্থানীয় মুসলিম লীগের নেতা আরিফ মুন্সী ও তার অনুসারীদের মাধ্যমে মৌলভীবাজার জেলা সদরে অবস্থানরত পাকিস্তানি সেনাবাহিনীর কর্তাদের কাছে পৌঁছে যায়।

২৭ মার্চ তারা শমশেরনগরের ৮০ বছর বয়সী জাদুশিল্পী সিরাজুল ইসলামকে গুলি করে হত্যা করে। এতে শমশেরনগরের লোকজন মারমুখী হয়ে ওঠেন। ২৮ মার্চ প্রথম শমশেরনগরে পরিকল্পিত অভিযান চালিয়ে ক্যাপ্টেন গোলাম রসুলসহ হানাদার বাহিনীর নয় সদস্যকে হত্যা করেছিলেন মুক্তিযোদ্ধারা।

তারপর থেকে হানাদার বাহিনী স্থানীয় ডাকবাংলোয় ক্যাম্প স্থাপন করে সেখানে স্থানীয় লোকজনকে ধরে এনে নির্যাতনের পর শমশেরনগর বিমানবন্দরের রানওয়ের উত্তর-পশ্চিম কোণের বধ্যভূমিতে গুলি করে হত্যা করে।

তাছাড়া টানা নয়মাস শমশেরনগরের কয়েকটি স্থানে হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সামনাসামনি যুদ্ধ হয়েছিল। এতে হানাদার বাহিনীর অনেক সদস্য নিহত হয়।

সম্প্রতি শমশেরনগর বধ্যভূমি এলাকায় সরজমিনে দেখা যায়, বধ্যভূমি স্মৃতিসৌধের ফটকে তালা ঝুলে আছে। পুরো স্মৃতিসৌধ এলাকা ঝোপঝাড়ে ভরা। সামনে বাঁশঝাড়ের আগাছা ফেলে প্রবেশপথ বন্ধ রাখা আছে।

২০০৮ সালের ১৮ আগস্ট তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান এই স্মৃতিসৌধ উদ্বোধন করেছিলেন। এর পাশেই ২০১২-১৩ অর্থবছরে নির্মিত হয়েছে শমশেরনগর সম্মুখসমরের স্মৃতিস্তম্ভ। স্মৃতিসৌধ ও সম্মুখসমরের স্মৃতিস্তম্ভ দুটিই নির্মাণ করে গণপূর্ত বিভাগ।

মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নির্মল চন্দ্র দাশ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার জয়নাল আবেদীন প্রতিদিনের সংবাদ বলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদ সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী শমশেরনগর বধ্যভূমি স্মৃতিসৌধ ও সম্মুখসমরের স্মৃতিস্তম্ভ দুটিই রক্ষণাবেক্ষণ করবেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

তারা আরও বলেন, শমশেরনগর বাজার থেকে কিছু দূরে ও নির্জন স্থানে স্মৃতিসৌধ নির্মাণ হওয়ায় এখানে দায়িত্বের অবহেলা হচ্ছে।

এ বিষয়ে শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ প্রতিদিনের সংবাদকে বলেন, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবসের আগে বধ্যভূমি স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। বাজার এলাকা থেকে দূরে পড়ে যাওয়ার কারণে একটু সমস্যা হয়। তাছাড়া সবসময় তিনি দেখা-শুনা করেন।’

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক প্রতিদিনের সংবাদ বলেন, ‘বধ্যভূমি রক্ষণাবেক্ষণের বিষয়ে শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশনা দেয়া হচ্ছে।’

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শমশেরনগর,বধ্যভূমি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়