নিজস্ব প্রতিবেদক
এনআইডি সংশোধন আরো সহজ হচ্ছে

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা সহজীকরণ ও প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এসএসসি বা সমমানের পাবলিক পরীক্ষার সনদের ওপর ভিত্তি করে মাঠপর্যায় থেকেই সরাসরি জন্মতারিখ সংশোধন করা যাবে। একইসঙ্গে প্রবাসীদের ভোটার হওয়ার জটিলতা নিরসনে বিদ্যমান দুই ধাপের তদন্ত প্রক্রিয়া কমিয়ে এক ধাপে নামিয়ে আনা হয়েছে।
গতকাল মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব এনআইডি সংক্রান্ত সংস্কার উদ্যোগের কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সচিব জানান, এনআইডি সংশোধনের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের হয়রানি কমাতে মাঠপর্যায়ে ডেলিগেশন বা ক্ষমতা হস্তান্তরের এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে জেএসসি, এসএসসি বা পিএসসির মতো পাবলিক পরীক্ষার সনদ দিয়ে জন্মতারিখ সংশোধনের আবেদন করলে তা কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে মাঠ পর্যায় থেকেই নিষ্পত্তি করা হবে। এছাড়া এনআইডি স্থানান্তর বা ভোটার এলাকা পরিবর্তনের আবেদন অনলাইনের মাধ্যমে সম্পন্ন করার ব্যবস্থা করা হচ্ছে, যেখানে নির্ধারিত সরকারি ফি পরিশোধসাপেক্ষে নাগরিকরা সেবা পাবেন। ১৫ বছর পরপর এনআইডি নবায়নের ক্ষেত্রে পারিবারিক তথ্যের সঠিকতা ও ধারাবাহিকতা বজায় রাখতে একটি নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে, যেখানে আবেদনকারীকে তার ‘ফ্যামিলি ট্রি’ বা পারিবারিক পরিচয়ের তথ্য দিতে হবে। প্রবাসীদের ভোটার নিবন্ধনের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম প্রক্রিয়াকে আরো সহজ করার কথা জানান সচিব। তিনি উল্লেখ করেন, আগে প্রবাসীদের বায়োমেট্রিক ও আবেদন পাওয়ার পর দেশে তদন্তে পাঠানো হতো এবং তদন্ত প্রতিবেদন পজিটিভ আসলে তা সিস্টেমে আপলোড করা হতো। নতুন নিয়মে প্রবাসীরা বায়োমেট্রিক দেওয়ার সঙ্গে সঙ্গেই তা অনলাইনে আপলোড হয়ে যাবে এবং ঢাকায় প্রাথমিক তদন্ত শেষে তথ্যের সঠিকতা মিললেই এনআইডির চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
"





































