নিজস্ব প্রতিবেদক

  ০৭ অক্টোবর, ২০২৩

রাজধানীর ফার্মগেট

আনোয়ারা উদ্যানে হচ্ছে মেট্রোস্টেশন

রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেটসংলগ্ন আনোয়ারা উদ্যান। গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন এ পার্কের রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের দায়িত্বে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এর মধ্যে গণপূর্তের অনুমতি নিয়ে ২০১৮ সাল থেকে এটিকে মেট্রোরেলের প্রকল্প অফিস ও নির্মাণ উপকরণ রাখার কাজে ব্যবহার করে আসছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল)। কথা ছিল নির্মাণকাজ শেষে পার্কটি আগের অবস্থায় ফিরিয়ে দেবে মেট্রোরেল কর্তৃপক্ষ। কিন্তু তা না করে উল্টো সেখানে মেট্রোরেলের স্টেশন প্লাজা নির্মাণের পরিকল্পনা করছে ডিএমটিসিএল। যেখানে বিপণিবিতান, হোটেল, রেস্টুরেন্ট, কফিশপ, বিনোদনকেন্দ্রের মতো বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হবে।

জানা গেছে, উত্তরা-মতিঝিল (এমআরটি-৬) মেট্রোরেলের কাজ প্রায় শেষ। তাই সিটি করপোরেশন চাইছে আনোয়ারা উদ্যানকে উন্নয়নের মাধ্যমে ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে। অন্যদিকে ?পার্কের জায়গাটি নিজেদের আয়ত্তে রাখার জন্য গণপূর্ত অধিদপ্তরের কাছে আবেদন জানিয়েছে ডিএমটিসিএল, যেখানে স্টেশন প্লাজা নির্মাণ করতে চাইছে সরকারের এ সংস্থাটি। ফার্মগেট ছাড়াও আগারগাঁও এলাকায় একই ধরনের স্টেশন প্লাজা এবং মিরপুর-১১ নম্বর স্টেশন এলাকায় ‘স্ট্যান্ডার্ড’ ফুটপাত নির্মাণের জন্যও জায়গা চেয়েছে তারা। তবে এখন পর্যন্ত ডিএমটিসিএলকে এসব জায়গা ব্যবহারের অনুমতি দেয়নি গণপূর্ত অধিদপ্তর।

ফার্মগেটের আনোয়ারা উদ্যানের জায়গায় স্টেশন প্লাজা নির্মাণের ঘোর প্রতিবাদ জানিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। এ বিষয়ে তিনি বলেন, ফার্মগেটে স্টেশন প্লাজা বা শপিংমলের কোনো প্রয়োজন নেই। এমনিতেই সেখানে অনেক শপিংমল রয়েছে। কিন্তু এলাকাটিতে কোনো উন্মুক্ত জায়গা নেই। খেলার মাঠ নেই। এখানে স্টেশন প্লাজার চেয়ে পার্ক বেশি জরুরি। আমি এ পরিকল্পনার বিরোধিতা করছি। প্রয়োজনে ফার্মগেটে গিয়ে দাঁড়িয়ে বলব- এখানে আমরা পার্ক চাই, খেলার মাঠ চাই, উন্মুক্ত জায়গা চাই।

চলতি বছরের মে মাসে ঢাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প সমন্বয় কমিটির সভার আলোচ্যসূচিতে পার্কটির বিষয় উঠে আসে। জায়গাটিকে দ্রুত ডিএমটিসিএলের কাছ থেকে বুঝে নিয়ে উন্নয়নকাজ শুরুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিল ডিএনসিসি। সভায় তারা জানায়, ডিএনসিসির এলাকাধীন ফার্মগেট পার্কটি বর্তমানে এমআরটি লাইন-৬-এর প্রকল্প অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। মেট্রোরেলটির নির্মাণকাজ প্রায় শেষপর্যায়ে রয়েছে। ঢাকায় উন্মুক্ত স্থানের চাহিদার কথা মাথায় রেখে প্রকল্পের নির্মাণকাজ শেষ হওয়ার পার্কটিকে জনসাধারণের জন্য উন্নয়ন করা প্রয়োজন।

ডিএনসিসি কর্মকর্তারা জানান, ‘উন্মুক্ত স্থানগুলোর আধুনিকায়ন, উন্নয়ন ও সবুজায়ন’ নামের একটি প্রকল্পের মাধ্যমে ২২টি পার্ক ও খেলার মাঠ সংস্কার করা হচ্ছে। ফার্মগেট পার্কটিও উন্নয়নের পরিকল্পনা রয়েছে। ফার্মগেটের জায়গাটি পার্ক হিসেবেই থাকা উচিত বলে মনে করেন গণমাধ্যমকর্মী মাহবুব আলম, যিনি মেট্রোরেলের একজন নিয়মিত যাত্রী। তিনি বলেন, জায়গাটি পার্ক হিসেবেই রাখা উচিত। তবে শুধু পার্ক গড়ে তুললে হবে না, যথাযথ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দিকেও খেয়াল রাখতে হবে। ফার্মগেটের এ পার্কটির পরিবেশ আগে কিন্তু খুব একটা ভালো ছিল না। নোংরা-আবর্জনা, ছিন্নমূল মানুষের আনাগোনাসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ছিল নিত্যচিত্র। আমরা আবার এমন পরিবেশের কোনো পার্ক চাই না।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, উত্তরা-কমলাপুর মেট্রোরেলের চারটি স্টেশনে তৈরি করা হবে স্টেশন প্লাজা। ফার্মগেট ও আগারগাঁও ছাড়া বাকি দুটি স্টেশন প্লাজা হবে উত্তরা ও কমলাপুরে। স্টেশন প্লাজাগুলোয় শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা থাকবে। যাত্রীদের জন্য থাকবে বিপণিবিতান, সময় কাটানোর জন্য হোটেল, রেস্টুরেন্ট, কফিশপ ও বিনোদনকেন্দ্র। ফার্মগেট ও আগারগাঁওয়ে স্টেশন প্লাজা, মিরপুর-১১ নম্বর স্টেশনসংলগ্ন ফুটপাত প্রশস্ত করতে জমি চেয়ে করা মেট্রোরেল কর্তৃপক্ষের আবেদনে অবশ্য সাড়া দিচ্ছে না গণপূর্ত অধিদপ্তর। সর্বশেষ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আগস্টের মাসিক সমন্বয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।

সভার কার্যবিবরণীতে বলা হয়, এসব জমি ডিএমটিসিএলের অনুকূলে হস্তান্তরের জন্য লিখিত সম্মতি পাওয়া যাচ্ছে না। বিষয়টি সমাধানের জন্য এখন পর্যন্ত দুটি সভাও করা হয়েছে। তবে সমাধান না হওয়ায় আরেকটি বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। পার্কের জায়গায় স্টেশন প্লাজা নির্মাণের পরিকল্পনা সম্পর্কে ডিএমটিসিএলের একজন কর্মকর্তা জানান, প্রতিটি স্টেশনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে, যার লক্ষ্য হবে টিকিটের আয়বহির্ভূত কার্যক্রম থেকে আয়ের ৩০ শতাংশ উঠিয়ে আনা। স্টেশন প্লাজা নির্মাণের পরিকল্পনাও টিকিটের আয়বহির্ভূত কার্যক্রমের অংশ। মেট্রোরেলের পরিচালন ব্যয় মেটানোর স্বার্থে পুরো বিশ্বেই এমনটি করা হয়ে থাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়