reporterঅনলাইন ডেস্ক
  ২০ ঘণ্টা আগে

সংক্ষিপ্ত সংবাদ

অরিয়েন্টেশন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি (স্বাধীনতা)’ প্রকল্পের আওতায় একটি হাফ-ডে অরিয়েন্টেশন গতকাল বিকেলে সদর উপজেলার পান্না চত্বরে পালকি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ঢাকা বিভাগে প্রকল্পটি বাস্তবায়ন করছে ব্রেকিং দ্য সাইলেন্স। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন স্বাধীনতা প্রকল্পের ফোকাল পারসন নুরে আলম। ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন শাহজাদা শেখ ও সনিয়া আক্তার সুইটি।

গাঁজাসহ গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকা থেকে প্রায় ৩৪ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার মধ্যরাতে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম জানান, র‌্যাব-১-এর গাজীপুরের কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল শুক্রবার রাতে ঢাকার আশুলিয়া টু গাজীপুরের কাশিমপুরের মাঝে পাকা রাস্তার ওপর চেকপোস্ট পরিচালনা করে ৩৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ সাহাবুদ্দিন মিয়া (১৯), (গাড়িচালক) এবং রাব্বি খলিফা (২২) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

৫ জেলে কারাগারে

কয়রা প্রতিনিধি

সুন্দরবনের কোবাদক ফরেস্ট স্টেশনের বনরক্ষীরা অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকারের অভিযোগে ৫ জেলেকে আটক করেছে। এ সময় তাদের কাছে নিষিদ্ধ ঘাঁই জাল, মাছ শিকারের সরঞ্জামসহ ১টি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়েছে। জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে আড়পাঙ্গাশিয়া নদীর টেকের খাল এলাকা হতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিচুর রহমান। আটক জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের সাদ্দাম (৩২), ফরহাদ (২২), আসাদুল (১৯), আমিরুল (২৭) ও আরাফাত (২৪)। এরা ৫ জনই আপন ভাই। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আটক জেলেদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ৪

ধামইরহাট প্রতিনিধি

নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে চার মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ধামইরহাট পৌরসভার দক্ষিণ চকযদু শ্মশান থেকে তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মামলা করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। ধামইরহাট থানা সূত্রে জানা গেছে, পুলিশ অভিযান চালিয়ে মাদকসেবন ও উপরকরণসহ পুলিশের হাতে আটক হয় উপজেলা বিহারীনগর গ্রামের সোহেল রানা (২৭), পৌরসভার দক্ষিণ চকযদু মহল্লার মিলন ইসলাস (২১), মেহেদী হাসান ((২৭) এবং উত্তর চকযদু মহল্লার মিলন ইসলাম (২৬)। ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

শিশুর মৃত্যু

মধুপুর প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে পুকুরের পানিতে ডুবে সাজিদ নামের তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গোলাবাড়ি ইউনিয়নের শ্রীরাম কুড়িবাড়ির গ্রামে। নিহত সাদিদের বাবার নাম আয়নাল হক। স্থানীয়রা জানান, বাড়ির পাশেই শিশুটি খেলা করছিল। হঠাৎ করে আর শিশুটিকে তার বাবা মা অনেক খোঁজাখুঁজি করে পাচ্ছিল না। একপর্যায়ে গড়িয়ে পুকুরের পানিতে তাকে দেখতে পায়। পরে শিশুটিকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়