কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

  ৫ ঘণ্টা আগে

কালিয়াকৈরে বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ডাইনকিনী হরতকীতলা ৭ নম্বর ওয়াট পল্লী বিদ্যুৎ, হরিণহাটি এলাকায় টানা প্রায় তিন ঘণ্টার বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, এলাকার সড়ক, অলিগলি ও অসংখ্য বসতবাড়িতে পানি উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা রহিমা বেগম বলেন, সকালে কারখানায় কাজে যাওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির পানি ঘরের ভেতরে ঢুকে পড়েছে। এখন বুঝতে পারছি না কারখানায় যাব, নাকি ঘরের মালামাল সরিয়ে নিরাপদ স্থানে রাখব। আমরা খুব কষ্টে আছি।

একই এলাকার বাসিন্দা আব্দুল করিম বলেন, সামান্য বৃষ্টি হলেই এ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেনেজব্যবস্থা দুর্বল হওয়ায় পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে রাস্তাঘাট ডুবে যায় এবং মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।

গৃহবধূ সালমা আক্তার বলেন, বাড়ির উঠান থেকে শুরু করে চারপাশ পানিতে তলিয়ে গেছে। শিশু ও বয়স্কদের নিয়ে আমরা খুব সমস্যার মধ্যে রয়েছি। দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, জলাবদ্ধতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদে সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়