মিজান বিন তাহের, বাঁশখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বাঁশখালী
স্লুইস গেট নষ্ট, জোয়ারের পানিতে ভাসছে বিস্তীর্ণ এলাকা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ি টেকপাড়া এলাকার ছেমটখালী খালের ওয়াবদার স্লুইস গেট দীর্ঘদিন ধরে অকেজো থাকায় জোয়ারের পানি অনিয়ন্ত্রিতভাবে প্রবেশ করে শতাধিক বাড়িঘর, বিস্তীর্ণ কৃষিজমি, বসতভিটা ও সড়ক প্লাবিত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় এলাকাবাসীর দাবি, এমনিতে স্লুইসগেটটি অকেজো হয়ে যাওয়ার অবস্থা, তার মধ্যে আবার গুটি কয়েক অসাধু ব্যক্তি মাছ ধরার জাল বসিয়ে, পুরো গ্রামের মানুষের কষ্ট দিচ্ছে। মানুষের বাড়িঘরে, চলাচলের রাস্তায় জোয়ারের পানি প্লাবিত হয়ে প্রতিনিয়ত মানুষ মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হচ্ছে।
অভিযোগ রয়েছে, এলাকার আলী আকবর নামে এক ব্যক্তি মাছ ধরার উদ্দেশ্যে স্লুইসগেটের প্রবেশ মুখে জাল বসিয়ে পানি প্রবেশের সুযোগ সৃষ্টি করছেন। যার ফলে আশপাশের জনবসতি, কৃষিজমি ও গ্রামীণ সড়ক নিয়মিত জলাবদ্ধতার শিকার হচ্ছে।
দ্রুত এই স্লুইসগেট সংস্কার ও খালের অপব্যবহার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর পক্ষে মিনহাজ উদ্দিন রিয়াজ, ফরিদ, কাদের ও জাফরসহ কয়েকজন বলেন, স্লুইসগেটের দরজা নষ্ট থাকায় জোয়ারের পানি অবাধে প্রবেশ করছে। এর ফলে পূর্বাঞ্চলের বিস্তীর্ণ কৃষিজমি, মানুষের ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যাচ্ছে। তাদের দাবি, পশ্চিম পুঁইছড়ি এলাকার চার হাজারের বেশি মানুষ এ সমস্যার কারণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ ব্যাপারে পুঁইছড়ি ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এমএ কাশেম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত। স্থানীয়দের অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার অবহিত করেছি। কিন্তু এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্লুইসগেটের দরজা নষ্ট থাকায় সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে।
তিনি আরো বলেন, পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিম পুঁইছড়ি এলাকার আরবশাহ ঘোনা ফুটখালী খালের স্লুইসগেট এবং ছেমটখালী খালের ওয়াবদার স্লুইসগেট দীর্ঘদিন ধরে অকেজো হয়ে আছে। ফলে জোয়ারের পানি প্রবেশ করে ইউনিয়নের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকার কয়েক হাজার কৃষক ক্ষতির মুখে পড়ছেন। বর্ষা মৌসুমে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কৃষিকাজ ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দ্রুত স্লুইসগেট ২টি সংস্কারের দাবি জানান তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁশখালী উপবিভাগীয় প্রকৌশলী অনুপম পালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমরা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। স্লুইসগেটটি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন হলে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। সবকিছু অনুকূলে থাকলে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন করার চেষ্টা করা হবে।
"





































