ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (৬ জুলাই) “ প্রধানমন্ত্রীর উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি”র সঙ্গে সামঞ্জস্য রেখে ঈশ্বরগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের নিজস্ব অর্থায়নে ওই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, পৌর সচিব জাহাঙ্গীর আলমসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধন শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী’র বৃক্ষ রোপণ কর্মসূচি খুবই একটি চমৎকার কর্মসূচি। সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। তিনি আরও বলেন, গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগও এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব অর্থায়নে পরিচালিত এ উদ্যোগ অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
"








































