ক্রীড়া প্রতিবেদক
তাসের ঘরের মতো ধসে পড়ল বাংলাদেশ

ঘরের মাঠে টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে কী সুখবরটাই না দিয়েছিল বাংলাদেশ দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ইংল্যান্ড, ভারতকে টপকে ওঠে যায় বাংলাদেশ পাঁচ নম্বরে। অথচ, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে থাকা দল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে তাসের ঘরের মতো উড়ে গেছে বাংলাদেশ। হারারে টেস্টের প্রথম দিনে টি-ব্রেকের আগে মাত্র ১৪০ রানে প্রথম ইনিংস গুটিয়ে নিয়েছে নাজমুল হাসান শান্তর দল। জিম্বাবুয়ের বিপক্ষে ২১তম টেস্টে এটি বাংলাদেশের তৃতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০১ সালে ঢাকা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ১০৭ রানে এবং ২০১৩ সালে হারারেতে দ্বিতীয় ইনিংসে ১৩৪ রানে অলআউট হওয়ার রেকর্ড আছে বাংলাদেশ দলের।
দিনের দ্বিতীয় ড্রিংকসের পরের ঘণ্টায় বাংলাদেশের ওপর দিয়ে বইয়ে গেছে দমকা হাওয়া। জিম্বাবুয়ের দুই পেসার ব্লেসিং মুজারাবানি এবং নিউম্যান নিয়ামহুরির দ্বিতীয় স্পেলে তাসের ঘরের মতে উড়ে গেছে বাংলাদেশ। শেষ ২১ রান যোগ করতে বাংলাদেশ হারিয়েছে ৬ উইকেট।
বাংলাদেশ দলের ব্যাটিং বিপর্যয়ের শেষ ৪০ মিনিটের শুরুটা করেছেন মুশফিকুর রহিম। নাগারাভার আউটসাইড অফ ডেলিভারিতে থার্ড স্লিপে ক্যাচ দিয়ে ভাগ্যক্রমে বাউন্ডারি পেয়েও নিজেকে সতর্ক রাখতে পারেননি। এক বল পর ইয়র্কারে মুশফিকুর রহিমের (২১ বলে ২ বাউন্ডারি, ৯ রান) লেগ স্ট্যাম্প উড়িয়ে দিয়েছেন নাগারাভা।
ওডিআই এবং টি-টোয়েন্টি ম্যাচে রানের বণ্যা বইয়ে দেওয়া ইনফর্ম তাওহিদ হৃদয়ের টেস্ট অভিষেক হয়েছে হতাশার। নাগারাভার আউটসাইড অফ ডেলিভারি স্লিপে দিয়েছেন ক্যাচ হৃদয় ( (১৬ বলে ৩)। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচে ১১ সেঞ্চুর ১৭ ফিফটি, ৪৯.৩২ গড়ে ৩৬৫০ রান করে টেস্ট অভিষেক হয়েছে অমিত হাসানের। প্রথম শ্রেণির ক্রিকেটের এই ধারাবাহিক পারফরমার টেস্ট অভিষেকে করেছেন হতাশ। মুজারাবানির ব্যাক অব লেন্থ বলে আউটসাইড এজ হয়ে উইকেটের পেছনে দিয়েছেন ক্যাচ (১৫ বলে ৪)।
বাংলাদেশের এই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ব্যতিক্রম ছিলেন মুমিনুল। একমাত্র ফিফটি করেছেন তিনি (৮১ বলে ১২টি বাউন্ডারিতে ৬০)। সর্বশেষ ৮টি টেস্ট ইনিংসে এটি তার ষষ্ঠ ফিফটি। নিয়ামহুরির ব্যাক অব লেন্থ ডেলিভারিতে ব্যাটের ফেস ওপেন করার মাশুল দিয়েছেন তিনি সেকেন্ড স্লিপে ক্যাচ দিয়ে। শান্তর সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ১৩০ বলে ৭০ রানে অবদান রেখেছেন মুমিনুল। পার্টনার মুমিনুলকে হারিয়ে শান্তও হয়ে পড়েছেন অসহায়। ইভান্সকে ডাউন দ্য উইকেটে খেলতে যেয়ে দিয়েছেন কভারে ক্যাচ (৭৩ বলে ১৯)।
বাংলাদেশ দলের ব্যাটিং বিপর্যয়ের দায়টা শুরুতে পড়বে দুই ওপেনার মাহামুদুল হাসান জয় (১৭ বলে ২) এবং সাদমানের (৩৮ বলে ২০) ঝটপট বিদায়ে। ৪৭.২ ওভারে বাংলাদেশকে প্রথম ইনিংসে গুটিয়ে দেওয়ার নায়ক জিম্বাবুয়ের বাঁ হাতি পেসার নিউম্যান নিয়ামহুরি।
"









































