ক্রীড়া ডেস্ক

  ১০ ঘণ্টা আগে

‘আমি বাংলাদেশকে পছন্দ করি’

জর্ডানকে ৩-১ গোলে হারানোর পর সাংবাদিকদের ক্যামেরার সামনে ধরা পড়েন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ। হেঁটে যাওয়ার সময় পেছন থেকে বাংলাদেশের একজন প্রতিবেদক ‘বাংলাদেশ’ বলে ডাক দিতেই সঙ্গে সঙ্গে ফিরে তাকান তিনি।

বাংলাদেশের নাম শুনেই মুখে হাসি ফুটে উঠে মার্টিনেজের। কোনো দ্বিধা ছাড়াই তিনি বলেন, ‘ওহ, বাংলাদেশ। আমি বাংলাদেশকে পছন্দ করি।’

এরপর বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে কিছু বলতে বলা হলে আরো আবেগঘন প্রতিক্রিয়া দেন আর্জেন্টিনার এই তারকা। তিনি বলেন, ‘আমি বাংলাদেশের ভক্তদের অনেক ভালোবাসি। আমি সেখানে গিয়েছিলাম। সত্যিই দেশটাকে ভালোবাসি।’

বাংলাদেশ ও আর্জেন্টিনার সম্পর্কের ভিত্তি মূলত ফুটবল। বিশেষ করে ২০২২ কাতার বিশ্বকাপে বাংলাদেশের লাখো মানুষের অকুণ্ঠ সমর্থন আর্জেন্টিনাজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের উদযাপন, পতাকা মিছিল ও সমর্থকদের উচ্ছ্বাস দেখে বিস্মিত হয়েছিলেন অনেক আর্জেন্টাইন। সেই বিশ্বকাপের পর দু’দেশের মানুষের মধ্যে একধরনের আবেগী সংযোগ তৈরি হয়, যা এখনো অটুট রয়েছে।

মার্টিনেজও সেই ভালোবাসার কথা ভুলে যাননি। বাংলাদেশের সমর্থকরা আবারও আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে দেখতে চায়, এ কথা শুনে তিনি বলেন, ‘আমি জানি তারা আমাদের কাছে কী চায়। আমি জানি আমাদের জন্য তারা কতটা পাগল। সেখানে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে। আমি তাদের সমর্থন খুব পছন্দ করি।’

বাংলাদেশি সমর্থকদের সঙ্গে আর্জেন্টাইনদের মানসিকতার মিলও খুঁজে পান এই গোলরক্ষক। তার ভাষায়, ‘তারা একদিক থেকে আর্জেন্টাইনদের মতোই। সেটাই আমার সবচেয়ে ভালো লাগে।’

কথার শেষে বাংলাদেশের প্রতি নিজের অনুভূতি আরেকবার প্রকাশ করেন মার্টিনেজ। বিদায় নেওয়ার আগে হাসিমুখে বলেন, ‘বাংলাদেশের জন্য আমার অনেক, অনেক ভালোবাসা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়