ক্রীড়া ডেস্ক
পানামাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

প্রথমার্ধের ম্যাড়মেড়ে ভাব কাটিয়ে দ্বিতীয়ার্ধে মাত্র ৫ মিনিটের ঝড়ো তাণ্ডবে পানামাকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। জুড বেলিংহামের ১ গোল ও ১ অ্যাসিস্টের ওপর ভর করে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ‘গ্রুপ এল’ এর চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় থমাস টুখেলের দল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেও বেশ ছন্দহীন ছিল ইংলিশরা। উল্টো ৫৬ মিনিটে জোরালো শটে ইংলিশ ডিফেন্সকে কাঁপিয়ে দেয় পানামা। তবে ম্যাচের মোড় ঘোরে ৬২ মিনিটে। বাঁ প্রান্ত থেকে আসা কর্নার কিকে দারুণ এক ফ্লিক শটে পানামার জাল কাঁপান রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম।
এই গোলের রেশ কাটতে না কাটতেই ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে থ্রি-লায়নরা। এবারও নায়ক সেই বেলিংহ্যাম। বাঁ প্রান্ত ধরে ডিফেন্ডারদের বোকা বানিয়ে বক্সে চমৎকার ক্রস বাড়ান তিনি। আর নিখুঁত হেডে বল জালে জড়াতে কোনো ভুল করেননি অধিনায়ক হ্যারি কেন। এই গোলের মাধ্যমে গ্যারি লিনেকারকে ছাড়িয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (১১) বনে গেলেন কেন।
শেষের দিকে পানামার হোসে ফাহার্দো একবার বল জালে জড়ালেও তা অফসাইডের কারণে বাতিল হয়।
"









































