ক্রীড়া ডেস্ক

  ১৪ জুন, ২০২৬

অবশেষে নীরবতা ভাঙলেন দিবালা

আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড পাওলো দিবালাকে নিয়ে দলবদলের বাজারে গুঞ্জন নতুন কিছু নয়। বিশেষ করে লাতিন আমেরিকার ক্লাব বোকা জুনিয়র্স যখন তাকে দলে ভেড়ানোর জন্য উন্মুখ হয়ে আছে, তখন ফুটবলপাড়ায় আলোচনাটা আরো জোরালো হয়েছে। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে জলঘোলা না করে অবশেষে নীরবতা ভেঙেছেন ৩২ বছর বয়সি এ তারকা। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি এখনো ইতালিয়ান ক্লাব রোমারই খেলোয়াড়।

ছুটি কাটাতে আর্জেন্টিনার কর্দোবায় পা রেখেই স্থানীয় রেডিও ‘কাদেনা ৩’-এর মুখোমুখি হন দিবালা। বোকা জুনিয়র্সে পাড়ি দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো উত্তর দেওয়া থেকে বিরত থাকেন। রোমার সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা চলায় অত্যন্ত পেশাদার ভঙ্গিতে দিবালা বলেন, ‘বোকা জুনিয়র্স? দেখা যাক কী হয়। চলতি মাসের শেষ পর্যন্ত (৩০ জুন) আমি রোমারই খেলোয়াড়। ক্লাবের প্রতি সম্মান রেখেই আমি আমার ভবিষ্যৎ নিয়ে এখন কোনো কথা বলব না।’ নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এ তারকা ফরোয়ার্ড। বললেন, ‘আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি, সামনে কী হবে তাও জানি না। যা আমি নিজেই জানি না, তা আপনাদের কীভাবে বলি!’

ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রাখলেও নিজের শৈশবের ক্লাব ইনস্টিটিউট এসিতে ফিরে ক্যারিয়ার শেষ করার সুপ্ত ইচ্ছার কথা জানিয়েছেন ‘লা হোয়া’খ্যাত এ তারকা। এ ক্লাবের একাডেমিতেই দিবালার ফুটবলের হাতেখড়ি হয়েছিল। সমর্থকদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। সব ক্লাবই আমার জন্য বিকল্প হতে পারে। এমনকি ইনস্টিটিউটও, যাতে ‘লা গ্লোরিয়া’ (ইনস্টিটিউটের ডাকনাম) ভক্তরা মন খারাপ না করেন।’

পুরোনো ঠিকানায় ফেরার আবেগঘন অনুভূতি প্রকাশ করে দিবালা বলেন, ‘আশা করি এটা হবে, আমি সত্যিই এটি পছন্দ করব।

আমি ইনস্টিটিউটেই আমার ক্যারিয়ারের বৃত্তটা পূরণ করতে চাই। এ ক্লাবের কাছে আমি অনেক ঋণী এবং সবসময় কৃতজ্ঞ থাকব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়