সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

সিরাজগঞ্জের নিমগাছীতে ক্যানেল ভরাট, জলাবদ্ধতায় জনগণের দুর্ভোগ

ছবি : প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী এলাকায় দীর্ঘদিনের একটি পানি নিষ্কাশন ক্যানেল ভরাট করে উন্নয়নকাজ পরিচালনার অভিযোগ উঠেছে। এতে বৃষ্টির পানি বের হওয়ার পথ বন্ধ হয়ে এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

সোমবার (১৫ জুন) সকালে এলাকাটি ঘুরে দেখা যায়, নিমগাছী মৎস্য চাষ প্রকল্প সংলগ্ন প্রায় ৫০ বছরের পুরোনো ক্যানেলের একটি অংশ মাটি ফেলে বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, প্রকল্পের পুকুর সংস্কারের সময় খননকৃত মাটি ফেলে ক্যানেলের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা হয়েছে। এর পর থেকেই সামান্য বৃষ্টিতেই আশপাশের এলাকায় পানি জমে থাকছে।

এলাকাবাসীর অভিযোগ, জলাবদ্ধতার কারণে অন্তত দুটি করাতকল, একটি হ্যাচারি, প্রায় শতাধিক পরিবার এবং দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ভোগান্তির শিকার হচ্ছে। অনেক বাড়ির আঙিনা ও চলাচলের পথ পানির নিচে তলিয়ে গেছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা পুতুল রানী, কার্তিক মাহাতো, দীপক পোদ্দার ও স্বদীপ মালিসহ কয়েকজন জানান, ক্যানেলটি সচল থাকাকালে বৃষ্টির পানি দ্রুত নেমে যেত। কিন্তু ক্যানেলের অংশবিশেষ ভরাট হয়ে যাওয়ায় এখন পানি আটকে থেকে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

সাবেক ইউপি সদস্য রামকৃষ্ণ গুণ বলেন, “দীর্ঘদিন ধরে এই ক্যানেল এলাকার প্রধান পানি নিষ্কাশন ব্যবস্থার কাজ করেছে। এটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের দুর্ভোগ বেড়েছে এবং জলাবদ্ধতা স্থায়ী রূপ নিচ্ছে।”

সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জাব্বার মিয়া বলেন, “জনস্বার্থে ক্যানেলটি পুনরায় উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্টদের অভিহিত করা হয়েছে। তিনি আরো বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নিমগাছী মৎস্য প্রকল্পের (রাজস্ব) সিনিয়র সহকারী পরিচালক মাসুদ রানা সমস্যার কথা শিকার করে বলেন, অতিসত্বর সমস্যা সমাধানের পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়