কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কসবায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিবাহ বন্ধকরণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধে করণীয় বিষয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির এবং কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কসবা উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকলিল আজম, উপজেলা জামায়াতের নায়েবে আমির পীরজাদা শিবলী নোমানী, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূইয়া সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাল্যবিবাহ, মাদক ও সামাজিক অবক্ষয় রোধে সকলকে সচেতন ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে দায়িত্বশীল আচরণ এবং তথ্য যাচাই করে প্রচারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, একটি নিরাপদ, সচেতন ও উন্নত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরে জেলা প্রশাসক সাম্প্রতিক ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানে নগদ অর্থ ও টিন প্রদান করেন। তাছাড়া উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, কৃষি উপকরণ ও ওয়াটার পিওরিফাইয়ার বিতরণ করেন।









































