ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ড শিবিরে চোরের হানা, বুট ও বল চুরি!

অভিযান শুরুর আগে এক ধাক্কা খেল ইংল্যান্ড ফুটবল দল। মাঠের লড়াই শুরুর আগে মাঠের বাইরের এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিপর্যস্ত থমাস টুখেলের শিষ্যরা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে থ্রি লায়নদের বিশ্বকাপ ক্যাম্প লক্ষ করে চুরির ঘটনা ঘটেছে। সেখান থেকে উধাও হয়ে গেছে দলের অফিসিয়াল ম্যাচ বুট এবং টুর্নামেন্টের জন্য নির্ধারিত বল!
গত শুক্রবার ফ্লোরিডার প্রাক-টুর্নামেন্ট ক্যাম্প থেকে মিসৌরির ‘সোপ সকার ভিলেজ’ ট্রেনিং বেসে যাওয়ার পথে এ চুরির ঘটনা ঘটে। খেলোয়াড়রা আলাদাভাবে ভ্রমণ করলেও দলের কিট ও অন্যান্য সরঞ্জাম বহনকারী গাড়িটি আগেই কানসাস পৌঁছায়। সেখানেই গাড়ি ভেঙে মালামাল লুট করে চোরেরা। এ ন্যক্কারজনক ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। কানসাস সিটি পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলে, ‘আমরা একটি দলের যানবাহন থেকে সরঞ্জাম চুরির সম্ভাব্য ঘটনার তদন্ত করছি। সন্ধ্যায় কানসাস সিটিতে পৌঁছানো ওই গাড়ি থেকে বেশকিছু জিনিস নিখোঁজ রয়েছে। তদন্ত এখনো চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুই ব্যক্তিকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।’
আগামী বুধবার ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। তার আগে রবিবার কানসাস সিটিতে নিজেদের প্রথম পুরোদস্তুর অনুশীলনে নামার কথা হ্যারি কেইন-জ্যুড বেলিংহামদের। তবে বুট ও বল চুরির এ ঘটনা নিশ্চিতভাবেই কোচ থমাস টুখেলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। উল্লেখ্য, মিসৌরি এবার একাধিক ফুটবল পরাশক্তির প্রিয় ঘাঁটি হয়ে উঠেছে।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নেদারল্যান্ডস এবং আলজেরিয়াও এ কানসাস সিটি এলাকায়ই অবস্থান করছে।
এর আগে ফ্লোরিডায় দুটি প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে খেলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে ইংলিশরা। প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে হারায় তারা। পরে একটি রুদ্ধদ্বার ম্যাচে মায়ামি ইউনাইটেড ৬-০ গোলে জয় তুলে নেয় দলটি। ম্যাচটিতে হ্যাটট্রিক করেন ইভান টোনি। তবে সেই উড়ন্ত ফর্মের রেশ কাটতে না কাটতেই চুরির এ ঘটনা দলটির বিশ্বকাপ প্রস্তুতিতে কিছুটা হলেও অস্বস্তি তৈরি করল।
"









































