ক্রীড়া ডেস্ক
ভিএআর প্রযুক্তিতে প্রথমবার ‘ভুল পরিচয়’ শনাক্ত

জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার সকালে প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে আয়োজকরা। তবে দারুণ এ জয়ের আগে লস অ্যাঞ্জেলসে এমন কিছু ঘটেছে, যা দেখা যায়নি আগে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গড়েছে নতুন ইতিহাস।
এদিন গ্রুপ ‘ডি’-এর ম্যাচে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। সবকিছু ঠিকঠাকই এগোচ্ছিল। কিন্তু তখনই বিভ্রান্তি ছড়ায়। ৫৩ মিনিটে প্যারাগুয়ের মিগুয়েল আলমিরনের বিরুদ্ধে ফাউল করার দায়ে হলুদ কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ ডিফেন্ডার টিম রিম। একইসঙ্গে ফ্রিকিক পায় প্যারাগুয়ে। যথারীতি ফ্রিকিকও নেওয়া হয়ে যায়। এরপর নেদারল্যান্ডসের রেফারি ড্যানি মাকেলি মাঠের পাশের স্ক্রিনে গিয়ে ঘটনাটি পুনরায় দেখেন। ভিডিও অ্যাসিস্টেন্টদের সঙ্গে কথা বলে তিনি তার আগের সিদ্ধান্ত পরিবর্তন করেন। পরে টিম রিমের হলুদ কার্ড তুলে নিয়ে রেফারি উল্টো প্যারাগুয়ের ফরোয়ার্ড মিগুয়েল আলমিরনকে কার্ড দেখান। কারণ ভিএআরএ দেখা যায় আলমিরনের সঙ্গে রিমের কোনো স্পর্শই লাগেনি। প্যারাগুয়ের উইঙ্গার অভিনয়ের জন্য হলুদ কার্ড দেখেন।
বিশ্বকাপে এই প্রথম ভিএআরের মাধ্যমে ?‘ভুল পরিচয়’ শনাক্তকরণের এ ঘটনা ঘটল, যদিও এর ব্যবহার নিয়ে কিছুটা ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। ফিফা এবারের টুর্নামেন্টের জন্য বেশকিছু নিয়মে পরিবর্তন এনেছে। রেফারিদের প্রধান পিয়েরলুইজি কলিনার অনুরোধে বিশেষভাবে ‘ভুল পরিচয়’ শনাক্তকরণের এ নিয়মটি যুক্ত করা হয়। নিয়মানুযায়ী, যদি কোনো খেলোয়াড়কে কার্ড দেখানো হয়, কিন্তু বাস্তবে ফাউলটি প্রতিপক্ষ করেছে, তবে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা যাবে। নতুন আরেকটি নিয়ম হলো, দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লাল কার্ডের সিদ্ধান্ত পর্যালোচনা করা যাবে, তবে প্রথম হলুদ কার্ড পর্যালোচনা করা যায় না। রেফারি মাকেলি শুধু এই ‘ভুল পরিচয়’ নিয়মের সুযোগ নিয়েই আগের সিদ্ধান্তটি প্রত্যাহার করতে পেরেছিলেন।
কর্মকর্তারা ফ্রিকিক নেওয়ার সুযোগ দেওয়ার পর খেলা থামিয়ে পুনরায় সিদ্ধান্ত নিয়েছিলেন, যা দর্শকদের আরো বিভ্রান্ত করেছিল। কারণ সাধারণত খেলা শুরু হয়ে গেলে আর পেছনে ফিরে যাওয়া যায় না। বিবিসি স্পোর্টসের সঙ্গে আলাপকালে এভারটন ও ওয়েলসের সাবেক ডিফেন্ডার অ্যাশলি উইলিয়ামস বলেন, ‘তারা ফ্রিকিক নিতে দিয়েছিল, যা অদ্ভুত ছিল কিন্তু নিঃসন্দেহে এটি সঠিক সিদ্ধান্ত ছিল। আমরা প্রথমবারের মতো এমন ঘটনা দেখলাম, তবে এটি ভালো উদ্যোগ।’
"









































