ক্রীড়া ডেস্ক

  ১৪ জুন, ২০২৬

জার্মানিকে সারপ্রাইজ দিতে চায় কুরাসাও

নিজেদের দেশের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে নামছে কুরাসাও। অভিষেক ম্যাচেই তৈরি হবে নতুন এক ইতিহাস। আজ রবিবার হিউস্টনে জার্মানির বিপক্ষে গ্রুপ ‘ই’-এর ম্যাচে কুরাসাওয়ের ডাগ আউটে থাকবেন ডিক অ্যাডভোকাট, যিনি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক কোচ হতে যাচ্ছেন। শুধু এ রেকর্ড গড়েই ক্ষান্ত হতে চান না অ্যাডভোকাট। বরং জার্মানিসহ অন্যান্য বড় দলগুলোর জন্য চমক নিয়ে তৈরি তার দল, এমনটাই বললেন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যা ও কম আয়োতনের দেশ কুরাসাওয়ের কোচ। টুর্নামেন্টের শুরুতেই সবচেয়ে বয়স্ক কোচের রেকর্ডটি কয়েকবার হাতবদল হয়েছে। বৃহস্পতিবার প্রথমে দক্ষিণ আফ্রিকার ৭৪ বছর বয়সি হুগো ব্রুস মেক্সিকোর বিপক্ষে ম্যাচে রেকর্ড গড়েন। কয়েক ঘণ্টা পর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমে সেই রেকর্ড নিজের করে নেন চেক প্রজাতন্ত্রের মিরোস্লাভ কৌবেক। তিনিও ৭৪ বছর বয়সি, তবে ব্রুসের চেয়ে কয়েক মাস বড়। তবে এসব হিসাব মুছে দিয়ে নতুন রেকর্ডের মালিক হতে যাচ্ছেন ৭৮ বছর বয়সি অ্যাডভোকাট। গত জানুয়ারিতে কুরাসাওয়ের দায়িত্ব নেওয়া ডাচ কোচের অধীনে বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলেছে দলটি। ১০ ম্যাচে ২৮ গোল করে কনকাকাফ অঞ্চলের দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি গোল করেছে কুরাসাও।

তবে বিশ্বকাপে তার আসা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। অসুস্থ মেয়ের দেখভালের জন্য ফেব্রুয়ারিতে দায়িত্ব ছেড়ে দেন অ্যাডভোকাট। পরে মেয়ের শারীরিক অবস্থার উন্নতি হলে ও অন্তর্বর্তীকালীন কোচ ফ্রেড রুটেনের দায়িত্বে চীন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে কুরাসাওয়ের হতাশাজনক পারফরম্যান্সের পর মে মাসে আবারও দলে ফেরেন তিনি। প্রায় ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার কুরাসাও বিশ্বকাপে খেলা সবচেয়ে ছোট জনসংখ্যার দেশ। এছাড়া দেশটির আয়তন মাত্র ৪৪৩ বর্গ কিলোমিটার। আয়তনের হিসেবেও বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ তারা। তাই বিশ্বকাপে জায়গা করে নেওয়াটাকেই নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন মনে করেন অ্যাডভোকাট। ‘টুর্নামেন্টের ইতিহাসে বিশ্বের সবচেয়ে ছোট দেশকে বিশ্বকাপে তুলে আনা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা সাফল্য। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন, সবার জন্যই আমি গর্বিত।’ তবে বিশ্বকাপের মঞ্চে প্রথম পরীক্ষাই কঠিন। প্রতিপক্ষ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তবু সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না অভিজ্ঞ এ কোচ। বরং বার্তা দিয়ে রাখলেন চমকের। ‘আমরা অবশ্যই ফেবারিট নই, এটা আমি জানি। কিন্তু যারা ফেবারিট নয়, তারাও যেকোনো দলকে সারপ্রাইজ দিতে পারে। এখন তো দুই বা তিন পয়েন্ট নিয়েও পরের পর্বে যাওয়া সম্ভব।’ জার্মানিও অবশ্য এবার ফেভারিটের তালিকায় নেই।

তবে টানা ৯টি ম্যাচ জিতে তারা বিশ্বকাপে এসেছে আত্মবিশ্বাস নিয়ে। ২০১৪ সালে ব্রাজিলে শিরোপা জয়ের পর আর বিশ্বকাপে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি জার্মানরা। ২০১৮ সালে রাশিয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দলটি। ২০২২ সালে কাতার বিশ্বকাপেও গ্রুপে তৃতীয় হয়ে ছিটকে যায় তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়