জীবনযাপন ডেস্ক
চোখের নিচে কালি, দূর করার সহজ উপায়

চোখের নিচে কালো দাগ বা ফোলা ভাব খুবই বিরক্তিকর। সকালে ঘুম থেকে উঠে হয়তো দেখলেন চোখের নিচের অংশ ভীষণ ভাবে ফুলে গিয়েছে, অথবা গোটা চোখেই কেমন ফোলা ফোলা ভাব। আবার রাত জেগে বেশি কাজ করলে, চোখের নিচে কালিও পড়ে যায়। সে কালি দূর করা সহজ নয়। যদি দেখেন চোখের নিচের অংশ অস্বাভাবিক রকম ফুলে আছে এবং পুরু কালির স্তর পড়েছে, মেকআপেও যা ঢাকা সম্ভব নয়, তা হলে কিছু সহজ উপায় জেনে নিন।
কফি ও মধুর অ্যান্টিঅক্সিড্যান্ট প্যাক
১ চামচ কফির গুঁড়োর সঙ্গে ১ চামচ মধু মেশাতে হবে। খুব ঘন করে মিশ্রণটি তৈরি করতে হবে। এ বার সেটি ভালো করে চোখের নিচে ও চারপাশের ত্বকে লাগিয়ে নিতে হবে। ১০
মিনিট রেখে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। কফির ক্যাফিন চোখের নিচের রক্তনালিগুলোকে সঙ্কুচিত করবে এবং ফোলা ভাব কমাবে।
হলুদ, নারকেল তেল ও আমন্ড অয়েল
সামান্য কাঁচা হলুদ বাটা, কয়েক ফোঁটা নারকেল তেল ও কয়েক ফোঁটা আমন্ড অয়েল ভালো ভাবে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি চোখের নিচের কালো অংশে লাগিয়ে নিন। ১০-২০ মিনিট রেখে দিন, তারপর ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বককে পুষ্টি দেবে এবং কালো ভাব কমাতে সাহায্য করবে।
ভিটামিন সি সিরাম
ভিটামিন সি-যুক্ত ক্রিম বা সিরাম ব্যবহার করা যেতে পারে। বাড়িতেও বানিয়ে নিতে পারেন, তার জন্য কাচের শিশিতে অল্প পরিমাণে অ্যাসকরবিক অ্যাসিড পাউডার নিন। তাতে জল ও গ্লিসারিন মেশান। শিশিটি ভাল ভাবে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে পাউডার পুরোপুরি গলে যায়। এ বার সেই মিশ্রণে ভিটামিন ই ক্যাপসুল যোগ করতে হবে। তা হলেই তৈরি হয়ে যাবে সিরাম। শিশিটি ফ্রিজে ঘণ্টাখানেক রেখে তার পর ব্যবহার করুন।
"








































