জীবনযাপন ডেস্ক
চোখের নিচের ফোলা ভাব দূর হবে যেভাবে

চোখের চারপাশের ত্বক অত্যন্ত সংবেদনশীল এবং পাতলা। ঘুম কম হওয়ার কারণে কিংবা ল্যাপটপ বা মোবাইলের স্ক্রিনের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকার কারণে চোখ ফুলে যেতে পারে। হতে পারে ‘পাফি আইজ’ এর সমস্যা। ক্লান্তি কিংবা সাইনাসের কারণেও এমনটা হতে পারে। কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে এমন ফোলা চোখ রীতিমতো অস্বস্তিতে ফেলে। প্রসাধনীতে চোখের নিচের ফোলা ভাব ঢাকা যায় না অনেক সময়েই। সে ক্ষেত্রে কাজে আসতে পারে ঘরে তৈরি হাইড্রেটিং মাস্ক।
শসা এবং পুদিনা পাতার হাইড্রেটিং মাস্ক
শসায় রয়েছে প্রচুর পরিমাণে জল এবং অ্যাসকরবিক অ্যাসিড, যা ত্বকের জলশূন্যতা দূর করে। অন্যদিকে, পুদিনার অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান চোখের ফোলা ভাব নিমেষে কমিয়ে দেয়। অর্ধেকটা শসা এবং ৫-৬টি তাজা পুদিনাপাতা একসঙ্গে ব্লেন্ড করে রস ছেঁকে নিন। সেটি ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন। এ বার তুলোয় করে এই রস নিয়ে চোখের নিচে লাগিয়ে রেখে দিন ২০ মিনিট।
গ্রিন টি এবং অ্যালো ভেরা মাস্ক
গ্রিন টি-তে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট চোখের নিচের ফোলা ভাব ও কালি দূর করতে সাহায্য করে। অ্যালো ভেরা ত্বককে আর্দ্র রাখে। ১ চামচ কড়া গ্রিন টি লিকার এবং ১ চামচ তাজা অ্যালো ভেরা জেল মিশিয়ে নিন। চোখের নিচে এবং চারপাশে আলতো করে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
আলু ও কাঁচা দুধের মাস্ক
২ চামচ আলুর রস এবং ১ চামচ ঠাণ্ডা কাঁচা দুধ মিশিয়ে নিন। এই মিশ্রণে তুলো ভিজিয়ে চোখের উপর ১০-১৫ মিনিট রেখে দিন। তার পর জল দিয়ে ধুয়ে নিন। আলুর রস ও দুধে থাকা প্রোটিন ও অ্যান্টি-অক্সিড্যান্ট চোখের ফোলা ভাব তো দূর করেই, চোখের চারপাশের ত্বককে সজীব করে তোলে। চোখের নিচের কালিও দূর হয় এই মাস্ক ব্যবহারে।
"







































