নিজস্ব প্রতিবেদক
৭৯ বছরের সাজাপ্রাপ্ত ইয়াবা সম্রাটের মৃত্যু

‘ইয়াবা সম্রাট’ হিসেবে পরিচিতি পাওয়া আমিন হুদা (৪৬) মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন শেলে চিকিৎসাধীন ছিলেন তিনি। মাদকের দুই মামলায় ২০১২ সালে তাকে ৭৯ বছরের সাজা দিয়েছিলেন আদালত। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান আমিন। সিনিয়র জেল সুপার ইকবাল কবীর চৌধুরী জানান, ২০১৯ সালের ১ আগস্ট আমিন হুদাকে অসুস্থ অবস্থায় সর্বশেষ জেল থেকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমিন হুদার বন্ধু সাখাওয়াত হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন। কারাবন্দি অবস্থাতেই তার হৃদযন্ত্রে স্টেন্ট (রিং) পরানো হয়েছিল।
২০০৭ সালের ২৪ অক্টোবর আমিন হুদা ও তার সহযোগী আহসানুল হক ওরফে হাসানকে তার গুলশানের বাসা থেকে মাদকসহ গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী গুলশানে তার আরেক বাসা থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ ইয়াবা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে দুটি মামলা করা হয়।
২০১২ সালের ১৫ জুলাই দুই মামলায় বিভিন্ন ধারায় আমিন ও তার সহযোগীকে মোট ৭৯ বছর করে কারাদন্ড ও জরিমানার আদেশ দেন আদালত। পরে আমিন হাইকোর্টে জামিন আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর হলে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে ২০১৩ সালের ৫ মে জামিন বাতিল করেন আপিল বিভাগ। তাকে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়। তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন। তবে ২০১২ সাল থেকে কারাগারে থাকলেও শারীরিক অসুস্থতাজনিত কারণে সাত বছরের মধ্যে তিন বছরই হাসপাতালে কেটেছে আমিন হুদার।
"









































