আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

আমতলীতে বাসচাপায় প্রাণ গেল শালা-দুলাভাইয়ের

বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ গেছে দুই মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাইয়ের। ওই ঘটনায় আরো একজন কিশোর গুরুতর আহত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল শুক্রবার (৫ জুন) রাত ৮ টায় ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর শাখারিয়া বাসস্ট্যান্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের মধু হাওলাদারের ছেলে মো. সজীব (২৫) এবং তার শ্যালক সাইফুল ইসলাম (১৬)। আহত আছাদুল ইসলাম (১৪) সাইফুলের ছোট ভাই। তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত দুলাভাই সজীব হাওলাদার মোটরসাইকেলে দুই শ্যালককে নিয়ে পটুয়াখালী থেকে কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শাখারিয়া বাসস্ট্যান্ড অতিক্রম করার কিছুক্ষণ পর কুয়াকাটা থেকে ছেড়ে আসা সম্রাট পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।

ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সজীব নিহত হন। গুরুতর আহত অবস্থায় শ্যালক সাইফুল ও আছাদুলকে উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাইফুলের মৃত্যু হয়।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাৎ মোহাম্মদ হাচনাইন পারভেজ বলেন, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও তার সহকারী পালিয়ে যান। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়