দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
দৌলতপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, দৌলতপুরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু মোকাবিলায় শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, বরং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান ও বার্তা প্রদর্শন করেন।
বক্তারা বলেন, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। এজন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সচেতনতামূলক র্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবাইকে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো।
পিডিএস/এমএইউ









































