ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

ডিমলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি

ছবি : প্রতিদিনের সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেদুজ্জামানসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ জনগণ এতে অংশ নেন।

সচেতনতামূলক র‌্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশগ্রহণকারীরা “নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি” স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে চলবে না। এ রোগ প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, ভাঙা পাত্রসহ যেকোনো স্থানে যাতে বৃষ্টির পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। কারণ এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়