শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ
কচুয়া নেছারিয়া কামিল মাদ্রাসায় আগুন

বরিশালের বানারীপাড়ার কচুয়া নেছারিয়া কামিল মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। এ সময় মাদ্রাসার নোটিশ বোর্ডে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মো. মিজানুর রহমান কোরআন তেলাওয়াত করেন। পরবর্তীতে ওই তেলাওয়াতের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এর জেরে ক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ করে এবং শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। বিক্ষোভ চলাকালে মাদ্রাসার নোটিশ বোর্ডে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
শিক্ষার্থীদের অভিযোগ, সংশ্লিষ্ট শিক্ষকের পাঠদান ও পেশাগত দক্ষতা নিয়ে তাদের দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কয়েকজন অভিভাবকও শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্তের মাধ্যমে সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, অভিযোগ প্রমাণিত হলে মাদ্রাসার সুনাম ও শিক্ষার মান রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
তবে মাওলানা মো. মিজানুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে মাদ্রাসা কর্তৃপক্ষও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
স্থানীয় সচেতন মহল বলছে, বিষয়টি নিয়ে যেন কোনো পক্ষই আইন নিজের হাতে তুলে না নেয়। অভিযোগের সত্যতা যাচাই করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।









































