নিজস্ব প্রতিবেদক

  ৪ ঘণ্টা আগে

এবার শব্দদূষণ নিয়ন্ত্রণেও আসছে এআই

রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পর এবার শব্দদূষণ নিয়ন্ত্রণেও একই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা জানান। ডিএনসিসি প্রশাসক বলেন, পরিবেশ রক্ষায় মানসিকতার পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবেশ বিষয়ে সবাই সচেতন হলে যেকোনো উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব। সিটি করপোরেশন তার দায়িত্ব পালন করে যাচ্ছে এবং পরিবেশ নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোও এ কাজে আরো সক্রিয়ভাবে অংশ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এটি এক দিনে সম্ভব নয়, তবে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় ধাপে ধাপে কার্যকর ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। সরকার, সিটি করপোরেশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় শব্দদূষণ কমিয়ে আনা সম্ভব। শফিকুল ইসলাম খান বলেন, আজকের পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে সম্পূর্ণরূপে শব্দদূষণ নিয়ন্ত্রিত অঞ্চল হিসেবে পরিচালনা করা হবে।

এ-সংক্রান্ত নির্দেশনা অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো জানান, রাজধানীর সড়কে এআই প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক ব্যবস্থাপনায় এরই মধ্যে ইতিবাচক ফল পাওয়া গেছে। সেই অভিজ্ঞতার আলোকে এবার শব্দদূষণ পর্যবেক্ষণ, বিশ্লেষণ ও নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়