নিজস্ব প্রতিবেদক

  ৪ ঘণ্টা আগে

ঢাকা দক্ষিণে ৬০ শতাংশ বাড়িতে ডেঙ্গুর লার্ভা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন প্রায় ৬০ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশনের কার্যক্রম যথেষ্ট নয়, বরং প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

গতকাল শুক্রবার রাজধানীর ওয়ারীতে অনুষ্ঠিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আবদুস সালাম বলেন, ডিএসসিসির বিভিন্ন এলাকায় পরিচালিত জরিপ ও অভিযানকালে ৬০ শতাংশ বাড়িতে ডেঙ্গু মশার লার্ভার উপস্থিতি পাওয়া গেছে। এ পরিস্থিতি ডেঙ্গুর বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তিনি আরো বলেন, বাড়ির উঠান, ছাদ, ফুলের টব কিংবা যেকোনো পাত্রে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। কারণ জমে থাকা পরিষ্কার পানিই এডিস মশার প্রধান প্রজনন ক্ষেত্র। নাগরিকদের সচেতনতা ছাড়া ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়।

ডিএসসিসি প্রশাসক আরো বলেন, শুধু বাড়ির ভেতর নয়, আশপাশের পরিবেশও পরিচ্ছন্ন রাখতে হবে। এলাকার পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে। এ সময় তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এসব বিষয়ে অনেক সচেতন। শুধু স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নয়, খেলার মাঠসহ নগর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়েও তিনি নজর রাখছেন।

নগর উন্নয়নের প্রসঙ্গে আবদুস সালাম বলেন, জনগণের সমর্থনে যদি মেয়র নির্বাচিত হই, তাহলে নগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় আমূল পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কার মধ্যে বিশেষজ্ঞরা মনে করছেন, এডিস মশার বিস্তার রোধে নাগরিক সচেতনতা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জমে থাকা পানি দ্রুত অপসারণের কোনো বিকল্প নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়