বিনোদন প্রতিবেদক
জুঁই গাইবেন সরাসরি, প্রকাশ হলো ‘পান খাইলা না’

বাংলাদেশের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় ফোক সঙ্গীতশিল্পী ইসরাত জাহান জুঁইয়ের কণ্ঠে প্রকাশিত হলো নতুন ফোক গান ‘পান খাইলা না’। গানের কথা ও সুর সংগ্রহ। মিউজিক করেছেন রাফি মোহাম্মদ। ভিডিও নির্মাণ করেছেন খান মাহি। গানটি দুই সপ্তাহ আগে জুঁইয়ের ইউটিউব চ্যানেলে ‘ইসরাত জাহান জুঁই’তে প্রকাশিত হয়েছে। এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যে তার মৌলিক গান ‘তুষের আগুন’ প্রকাশ পাবে। গানটি লিখেছেন ও সুর করেছেন এবি বাবু। এরইমধ্যে গানটিতে ভয়েজ দিয়েছেন জুঁই। খান মাহি কয়েকদিনের মধ্যেই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করবেন।
এদিকে গত পহেলা বৈশাখে দেশ টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন জুঁই। দুই মাসের ব্যবধানে আবারো তিনি দেশ টিভিতে আগামী শুক্রবার বিকেল তিনটায় সরাসরি সঙ্গীত পরিবেশন করবেন জুঁই। এ প্রসঙ্গে জুঁই বলেন, ‘সরাসরি গান গাইতে সবচেয়ে বেশি ভালোলাগে স্টেজ শোতে, হোক তা দেশে কিংবা বিদেশে। তবে টিভিতেও সরাসরি গান গাইতে ভালোলাগে। ফোন কলে অনেকেই সরাসরি কথা বলেন, তাদের গানেরও অনুরোধ থাকে। সবমিলিয়ে পুরো আয়োজনটি দারুণ উপভোগ্য হয়ে উঠে। দেশ টিভি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে সরাসরি গানের অনুষ্ঠানে গান গাইবার সুযোগ করে দেবার জন্য। আর প্রকাশিত নতুন ফোক গানটি প্রকাশের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। যদিও এই গানের কথা ও সুর সংগ্রহ। কিন্তু তারপরও গানটার প্রতি আমার ভীষণ ভালোলাগা রয়েছে। আর তুষের আগুন গানটি মৌলিক গান। গানের কথা ও সুর আমার গানের যারা নিয়মিত ভক্ত ও শ্রোতাদের ভালোলাগবে। আমি এই গানটি নিয়ে খুব আশাবাদী। গানটি প্রকাশের পর গানটি শোনার জন্য সবার কাছে বিনীত অনুরোধ রইলো।’
জুঁইয়ের কণ্ঠে মৌলিক গান হিসেবে ফোক গান ‘তুমি বুঝলানা’, ‘মিরপুর এক্সপ্রেস’, ‘পোষা পাখি’, ‘মরার কোকিলে’, ‘প্রেমের হাওয়া’ যেমন দারুণ জনপ্রিয়তা পেয়েছে, ঠিক তেমনি কাভার সং হিসেবে জুঁইয়ের কণ্ঠে ‘তোমরা কইওগো বুঝাইয়া’, ‘বন্ধু আইবা, জীবন মানেইতো যন্ত্রণা, কলিজা ভুনা, এক খান পান চাইলাম পান দিলে না, তোর পিরিতের এতো জ্বালা, আইলানা আইলানা বন্ধু’সহ আরো বেশকিছু গান বেশ জনপ্রিয়তা পায়। জুঁই ঢাকার সরকারি সঙ্গীত কলেজ থেকে লোক সঙ্গীতে অনার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি একই কলেজে একই বিষয়ে মাস্টার্স করছেন। সিনেমাতেও গান গেয়েছেন তিনি। ‘শ্যুটার’, ‘অবতার’ ও ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ সিনেমায় গেয়েছেন তিনি। জুঁইয়ের একমাত্র সন্তান নাহিয়ান ইসলাম রাজ্য।
"









































