বিনোদন প্রতিবেদক

  ১৪ ঘণ্টা আগে

প্রশংসা কুড়াচ্ছে ‘বই পোকা’

কোরবানি ঈদ উপলক্ষে প্রচারিত অসংখ্য নাটকের ভিড়ে আলাদা করে দর্শকদের নজর কেড়েছে ‘বই পোকা’। পারিবারিক আবহ, রোমান্স এবং সমসাময়িক সামাজিক বার্তার সমন্বয়ে নির্মিত নাটকটি মুক্তির পর থেকেই প্রশংসা কুড়াচ্ছে।

আকবর হায়দার মুন্নার গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য লিখেছেন লিমন আহমেদ এবং পরিচালনা করেছেন তপু খান। এতে জুটিবেঁধে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান।

প্রচলিত ট্রেন্ডি কমেডিনির্ভর গল্পের বাইরে গিয়ে সাহিত্যপ্রেম, পারিবারিক মূল্যবোধ এবং সম্পর্কের আবেগকে কেন্দ্র করে নির্মিত হওয়ায় এটি দর্শকদের কাছে আলাদা আবেদন তৈরি করেছে। মুক্তির মাত্র চার দিনের মধ্যেই নাটকটি প্রায় ৯ লাখের বেশি দর্শক দেখেছেন। মন্তব্যের ঘরেও গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের প্রশংসাই বেশি চোখে পড়ছে।

নির্মাতা তপু খান বলেন, নাটকটিতে দেখানো হয়েছে সোশ্যাল মিডিয়ার মন্দ প্রভাব, এর প্রতি মানুষের আসক্তির নেতিবাচকতা। সেইসঙ্গে এই প্রজন্মকে সাহিত্যের দিকে মনযোগী হওয়ার বার্তাও দেওয়া হয়েছে। নাটকটি নির্মাণের সময়ই মনে হচ্ছিলো এটি দর্শকের ভালো লাগবে। প্রচারে আসার পর সবার ফিডব্যাক পেয়ে ভালো লাগছে।

আকবর হায়দার মুন্না বলেন, বর্তমানে আমাদের সমাজে সোশ্যাল মিডিয়া নিয়ে ফ্যান্টাসিটা বাড়াবাড়ি রকমের। এতে পারিবারিক, সামাজিক সম্পর্কগুলো নষ্ট হচ্ছে। পাশাপাশি এখন মানুষ বই, সাহিত্য পড়তে চায় না। এই বিষয়গুলোকে নাড়া দিতেই এই গল্পের ভাবনা। দর্শকের ভালো লাগছে দেখে তৃপ্তি পাচ্ছি।

অভিনেতা খায়রুল বাসারও নাটকটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, একটা ভিন্নধর্মের গল্পের নাটক ‘বই পোকা’। এর সংলাপগুলো হৃদয় ছুঁয়ে যায়। তপু ভাইকে ধন্যবাদ এমন একটা নাটকের জন্য।

ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই নাটকটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, মুনীরা ইউসুফ মেমী, আব্দুল্লাহ রানা ও রোজি সিদ্দিকী। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে দেখা গেছে তারিক আনাম খানকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়