বিনোদন প্রতিবেদক
সবার প্রিয় হয়ে উঠেছেন ফাতেমা

বাংলাদেশের নাট্যাঙ্গনের নন্দিত জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। তার সময়কালের অভিনয়শিল্পীদের মধ্যে তিনিই একমাত্র বিরতিহীনভাবে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। দীপা তার দীর্ঘদিনের অভিনয়ের পথচলায় নিজেকে একজন জাত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এরইমধ্যে কিছুদিন আগে সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হওয়া গুনী নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ফাতেমা চরিত্রে নিখুঁত অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন দীপা খন্দকার। নাটকে তিনি দর্শকপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ও খায়রুল বাসারের ফুফুর চরিত্রে অভিনয় করছেন। এরইমধ্যে দীপার স্বামী রফিক (ইন্তেখাব দিনার)-এর ফিরে আসাকে ঘিরে গল্প বেশ জমে উঠেছে। নাটকে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মনিরা মিঠু, নাদের চৌধুরী, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল’সহ আরো অনেকে। নাটকটিতে একজন ডিভোর্সী নারী ও একজন মা চরিত্রে দীপার সাবলীল অভিনয় দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
দীপা খন্দকার বলেন, ‘এটা আমাদেরই গল্প দর্শকের কাছে অল্প সময়ে প্রিয় হয়ে উঠেছে। আমার অভিনীত চরিত্রটিও যে দর্শকের মধ্যে সাড়া ফেলেছে তা ফেসবুক’সহ নানান মাধ্যমে দর্শকের প্রতিক্রিয়া দেখে বুঝতে পারি। এটা আমাদেরই গল্প’ যেহেতু ধারাবাহিক নাটক, তাই প্রতিনিয়ত দর্শকের কৌতুহল যে রয়েছে এই নাটককে ঘিরে তা বুঝতে পারছি প্রতিনিয়ত। একটি চমৎকার গল্পের জন্য এবং যত্ন নিয়ে নাটকটি নির্মাণের জন্য রাজকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। যেখানে অনেকেরই অভিযোগ ভালো গল্পের নাটক হয়না, সেখানে রাজ -এটা আমাদের গল্প-নির্মাণ করে দেখিয়ে দিয়েছেন দর্শক এখনো ভালো গল্পের নাটক দেখেন। এটাই আসলে এই টিমের সফলতা। আগামী পর্বগুলোও আরো বেশি উপভোগ্য হয়ে উঠবে। আরেকটি কথা না বললেই নয়, এই নাটকে আমরা যারা অভিনয় করছি সবার মধ্যে ভীষণ আন্তরিক একটা বন্ধনের সৃষ্টি হয়েছে। এটাও বেশ পজিটিভ একটা দিক।’
এদিকে আজ কালের মধ্যে দীপা ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের শুটিং-এ অংশ নিবেন। নতুন বছরটা দীপার এই ধারাবাহিকে কাজ করার মধ্যদিয়েই শুরু হচ্ছে।
"









































