বিনোদন প্রতিবেদক
যেমন আছেন আতিক হাসান

‘মাধবী কি ছিল ভুল’ কিংবা ‘বুঝনি ভুল করে কোনো দিনই আমাকে, পারিনি বুকটা ছিঁড়ে দেখাতে’ এই দুটি জনপ্রিয় গানের সংগীতশিল্পী আতিক হাসান। যিনি ২০০২ সালে তার প্রথম একক অ্যালবাম ‘মাধবী কি ছিল ভুল’ দিয়েই শ্রোতা-দর্শকের মনে সাড়া ফেলেছিলেন। এ ছাড়া আরো অনেক জনপ্রিয় গান রয়েছে তার প্রকাশিত ‘চন্দনা ফিরে আসবে না’, ‘প্রিয়া তোমার মন বলে কিছু নেই’, ‘ফিরে আয় পিয়া’, ‘মৌসুমী ভালোবাসি আমি’, ‘ওরে আমার ময়না’সহ আরো অন্যান্য অ্যালবাম। আতিক হাসানের প্রকাশিত অধিকাংশ অ্যালবামের গান লেখা ও সুর করা ইথুন বাবুর। মূলত ১৯৯৩ থেকে ১৯৯৬ সালে সৌদি আরবে থাকাকালীনই একজন পেশাদার শিল্পী হিসেবে তার পথচলা। পরে চট্টগ্রাম ফিরে তিনি মঞ্চে এন্ড্রু কিশোর, কুমার বিশ^জিৎ, কিশোর কুমার ও কুমার শানুর গান গাইতেন। চট্টগ্রামেই পরিচয় হয় ব্যবসায়ী এস আলমের সঙ্গে। তিনিই মূলত সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুলের বাসায় নিয়ে গিয়ে আতিক হাসানের প্রথম অ্যালবাম প্রকাশের ব্যবস্থা করেন। যে কারণে এস আলম, সুলতান মাহমুদ বাবুল ও ইথুন বাবুর কাছে কৃতজ্ঞ আতিক হাসান। সিনেমায় আতিক হাসান প্রথম প্লেব্যাক করেন ডি এইচ বাদল খান পরিচালিত ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমিক ডাকাত’ সিনেমায়। তার গাওয়া গানটি সিনেমার প্রায় শেষপ্রান্তে দর্শক নায়ক রুবেলের লিপে উপভোগ করেছিলেন। পরে আরো প্রায় ৫০টি সিনেমায় গান করেন আতিক হাসান।
বর্তমানে করোনার কারণে একেবারেই ‘স্টেজ শো’বিহীন সময় কাটছে বলে জানান আতিক হাসান। তবে গান নিয়ে যে স্বপ্ন ছিল তার, সেই স্বপ্ন পূরণ হয়েছে আতিক হাসানের। তিনি বলেন, ‘গান নিয়ে আমার যে স্বপ্ন ছিল তার চেয়ে অনেক অনেক বেশিই পূরণ হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন শিল্পীর গান ঘিরে যে স্বপ্ন থাকতে পারে, তার চেয়েও বেশি পেয়েছি আমি। এ দেশের আমার গানপ্রেমী শ্রোতা-ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ। তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। আজীবন গান করেই যেতে চাই আমি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আলম ভাই, বাবুল ভাই ও ইথুন বাবু ভাইয়ের কাছে।’ আতিক হাসান গানে তালিম নিয়েছিলেন তৌফিকুল ইসলামের কাছে। তিনি জানান, সর্বশেষ ইথুন বাবুর কথা ও সুরে ‘মাঝে মাঝে’ গানটি প্রকাশিত হয়। আতিক হাসান ফরিদুর রহমানের লেখা ‘রুপালি আলোর চাঁদ’ গানটির সুর করে গেয়েছিলেন। মাত্র দু-তিনটি গানের সুর করেছেন তিনি।
"









































