আন্তর্জাতিক ডেস্ক

  ২৭ জুলাই, ২০২৬

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা

কাস্পিয়ান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তবে তা থেকে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ বা ইউক্রেন সংঘাতের নতুন ফ্রন্ট খোলার আশঙ্কা আপাতত নেই। কঠোর কূটনৈতিক প্রতিবাদ, জাতিসংঘে নিন্দার আহ্বান এবং জাতীয় স্বার্থ রক্ষার হুঁশিয়ারির পাশাপাশি তেহরান স্পষ্ট করেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়ানোর কোনো আগ্রহ তাদের নেই।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। গত শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলায় জাহাজে বিস্ফোরণ ঘটে এক নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। ইরান এই হামলাকে ‘আগ্রাসী কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করে বলেছে, দেশটি তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে তেহরান ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত করার চেষ্টা করার অভিযোগ তুলেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-এর বরাতে জানা যায়, তেহরানে নিযুক্ত ইউক্রেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। মন্ত্রণালয় হামলাটিকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক’ আখ্যা দিয়ে এটিকে জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

এই নিন্দার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া মধ্যপ্রাচ্য সংক্রান্ত উপগ্রহ পর্যবেক্ষণের তথ্য ইরানের কাছে সরবরাহ করছে, যাতে তেহরান ওই অঞ্চলে হামলা পরিচালনা করতে পারে। এর আগে জেলেনস্কি জানিয়েছিলেন, ইউক্রেনের বাহিনী কাস্পিয়ান সাগরে একটি রুশ যুদ্ধজাহাজ এবং ইরান-সংশ্লিষ্ট সামরিক মালামাল পরিবহনে ব্যবহৃত কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জুলাই মাসের শুরু থেকে ইউক্রেন লক্ষ্য করেছে যে, রাশিয়া উপসাগরীয় দেশগুলো এবং সেখানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর ওপর সক্রিয় উপগ্রহ নজরদারি চালাচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়